লাখ লাখ টাকায় আমেরিকায়, ঠাঁই হয়েছিল জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারের ২৬ বছরের যুবক আবদুল ওয়াহিদ ছিলেন বেকার। এলাকায় কোনো কাজ ছিল না। দালালদের দেখানো স্বপ্নে বিভোর হয়ে ঠিক করলেন বিদেশে যাবেন। ৩৫ লাখ টাকা খরচ করে ব্রাজিল-মেক্সিকো হয়ে পৌঁছেছিলেন স্বপ্নের আমেরিকায়। কিন্তু অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। ঠাঁই হয় জেলে। এক বছরের বেশি সময় কারাভোগের পর দেশে ফিরে আসতে হলো তাঁকে।
ওয়াহিদের মতোই আরও ২৭ বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়ে যুক্তরাষ্ট্রে এক থেকে দেড় বছর পর্যন্ত কারাভোগ করেছিলেন তাঁরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষ বিমানে তাঁদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। ‘ভালোবাসি বাংলাদেশ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাঁদের বাড়ি পৌঁছে দিতে সহায়তা করে।
ফেরত আসা ২৭ জনের মধ্যে নোয়াখালীর ১৩ জন, সিলেটের আটজন, ঢাকার তিনজন এবং মুন্সীগঞ্জ, কুমিল্লা ও বরিশালের একজন করে রয়েছেন।
নোয়াখালীর মনজুর হোসেন ২০১৪ সালের নভেম্বরে বিদেশের উদ্দেশে দেশ ছাড়েন। তিনিও অন্তত সাতটি দেশ ঘুরে যুক্তরাষ্ট্রে পৌঁছেই গ্রেপ্তার হন। মনজুর জানান, এরপর ১৪ মাস জেল খাটতে হয় তাঁকে।
প্রায় ৪০ লাখ টাকা খরচ করে প্রথমে বলিভিয়ায় যান নোয়াখালীর কামাল হোসেন। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের দায়ে তিনিও আটক ছিলেন। কামাল হোসেন বলেন, ‘বলিভিয়া হয়ে আমি ব্রাজিল গিয়েছিলাম। ব্রাজিল থেকে ভেনেজুয়েলা, কলম্বিয়া। আরও কয়েকবার ঘুরে পৌঁছাই মেক্সিকোতে। মেক্সিকো বর্ডার পার হয়ে যুক্তরাষ্ট্র প্রবেশের সময় আমাকে আটক করা হয়।’
ফেরত আসা এই বাংলাদেশিরা জানিয়েছেন, তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে ১৬-১৭ ঘণ্টা আটকে রাখা হতো। এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় শিকল দিয়ে দুই হাত বেঁধে রাখা হতো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে শতাধিক বাংলাদেশি রয়েছে বলেও জানান তাঁরা।
এই বাংলাদেশিদের বিমানবন্দর থেকে বাড়ি পৌঁছে দিতে আর্থিকভাবে সহায়তা করেছে বেসরকারি সংস্থা ‘ভালোবাসি বাংলাদেশ’। প্রতিষ্ঠানের বাংলাদেশের কর্মকর্তা আল-আমিন নয়ন প্রথম আলোকে বলেন, ‘যাঁরা ফিরেছেন, তাঁরা প্রত্যেকেই সাত-আটটি দেশ ঘুরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। প্রত্যেকের জীবনের গল্পগুলো ভয়াবহ করুণ। এভাবে অবৈধভাবে যেন কেউ বিদেশে না যান।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের সফররত স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালেন বার্সিনের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যাওয়া ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানোর বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এ ব্যাপারে সহযোগিতা কামনা করে। প্রতিনিধি দলটি মন্ত্রীকে জানান, আইনগত সব সহযোগিতা দেওয়ার পরও তাঁরা বৈধ অভিবাসী হিসেবে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। আদালত তাঁদের অবৈধ ঘোষণা করেছেন। তাই এসব বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে। ওই বৈঠকের পাঁচ দিনের মাথায় এ বাংলাদেশিরা ফেরত এলেন।