ঠাকুরগাঁও ও রংপুরে এক গৃহবধূসহ তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গতকাল মঙ্গলবার পারভিন বেগম (৩০) নামের এক গৃহবধূ ও মো. আশিরুল (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। একই দিন রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়নের কেরানীপাড়া গ্রামে শাহাবুদ্দিন (৭৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও রানীশংকৈল থানার পুলিশ সূত্রে জানা গেছে, বসতভিটার ৮ শতক জমি নিয়ে রানীশংকৈলের বিষ্ণুপুর গ্রামের সহিদুল হকের সঙ্গে প্রতিবেশী নবাব ও দুলালের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জের ধরে গত সোমবার সন্ধ্যায় নবাব ও দুলালের সঙ্গে সহিদুলের ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে সহিদুলকে নবাব ও দুলাল মারধর করেন। গতকাল সকালে সহিদুলের স্ত্রী পারভিন বাড়ির পাশে চুলার ছাই ফেলতে যান। এ সময় তাঁকে ছুরিকাঘাত করা হয়। এতে পারভিন ঘটনাস্থলেই মারা যান। বাধা দিতে এগিলে এলে সহিদুল ও গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আশিরুলকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। এতে তাঁরা গুরুতর আহত হন। সহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশিরুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, পারভিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দবিরউদ্দিনের ছেলে মো. রউফ ও মতিয়ার নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

রংপুর কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছে, কেরানীপাড়া গ্রামে গতকাল সকালে বাড়ির সীমানা নিয়ে শাহাবুদ্দিন ও লুৎফর রহমানের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লুৎফরের ছেলে মাহবুবুর রহমান লাঠি দিয়ে শাহাবুদ্দিনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন মারা যান। এ ঘটনায় শাহাবুদ্দিনের ছেলে তাজুল ইসলাম গতকাল দুপুরে লুৎফর, মাহবুবুরসহ নয়জনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। শিউলি বেগম (২৮) ও আমেনা বেগম (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল আসামিরা পলাতক রয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম গতকাল বিকেল চারটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জমির সীমানা নিয়ে শাহাবুদ্দিন ও লুৎফরের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে ওই সংষর্ষ হয়। মামলার মূল আসামিরা পালিয়ে থাকলেও অভিযুক্ত দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শাহাবুদ্দিনের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।