ঠাকুরগাঁওয়ে এক ইউপিতে ফল পাল্টানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল পাল্টে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী। গতকাল সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে রুহিয়া পশ্চিম ইউপিতে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, এই ইউনিয়নে গত শনিবার ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিসাইডিং কর্মকর্তারা সিল ও সই দিয়ে প্রার্থীদের প্রাপ্ত ভোটের বিবরণী বিতরণ করেন। তাতে দেখা যায়, সব কেন্দ্র মিলিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৮১৭ ভোট। আওয়ামী লীগের প্রার্থী অনিল কুমার সেন পান ৪ হাজার ৪৬৫ ভোট। কিন্তু পরে উপজেলা সদরে গিয়ে ফল পাল্টে অনিল কুমারকে বিজয়ী ঘোষণা করা হয়। নির্বাচন কার্যালয় থেকে দেওয়া কাগজে দেখানো হয়, অনিল কুমার ৪ হাজার ৬৬৫ ভোট, আর মোস্তফা কামাল ৪ হাজার ৬১৭ ভোট পেয়েছেন। মূলত মন্ডলাদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফল পাল্টে দেওয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার বিবরণী মোতাবেক, সেখানে নৌকা প্রতীক ৪০৯ ও ধানের শীষ ৩৬৫ ভোট পেয়েছে। কিন্তু উপজেলা সদরে গিয়ে দেখানো হয়, ওই কেন্দ্রে নৌকা ৬০৯ ও ধানের শীষ ১৬৫ ভোট পেয়েছে।
তবে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও ফাঁড়াবাড়ি আবদুর রহমান ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষক হাসান তারেক বলেন, বিএনপির লোকজন তাঁকে অবরোধ করে জবরদস্তিমূলকভাবে ভোট গণনার বিবরণীতে স্বাক্ষর নিয়ে যান।
এই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান সরকার বলেন, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রার্থীদের প্রাপ্ত ভোটের সংখ্যা পরিবর্তন করেছেন কি না, তাঁর জানা নেই। প্রিসাইডিং কর্মকর্তা যে ভোট গণনার বিবরণী জমা দিয়েছেন, তার ভিত্তিতেই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদে বিএনপি থেকে সদর উপজেলার মোহাম্মদপুর ইউপির প্রার্থী মো. আশরাফুল হক, বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউপির প্রার্থী মো. মাহবুবুর রহমান, পাড়িয়া ইউপির প্রার্থী জিল্লুর রহমান ও চাড়োল ইউপির প্রার্থী মো. হাবিবুল্লাহ। তাঁরাও নিজ নিজ ইউপিতে ভোটে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন।