ঠাকুরগাঁওয়ে সালামির নামে হাতি দিয়ে চাঁদাবাজি
ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি এলাকায় রুহিয়া বাসস্ট্যান্ডে গতকাল শুক্রবার থেমে থাকা বাসের সামনে এসে দাঁড়াল বিশাল আকৃতির একটি হাতি। পিছু পিছু আরেকটি বাচ্চা হাতি। প্রচণ্ড শব্দে শুঁড় তুলে চালককে সালাম জানাল। মাহুত সালামি বাবদ কিছু দেওয়ার অনুরোধের পর চালক হাতির শুঁড়ে গুঁজে দিলেন কিছু টাকা। টাকা পেয়ে সরে দাঁড়াল হাতিটি।
বাসচালক মো. ইব্রাহীম বলেন, ‘বাস নিয়ে বের হওয়ার সময় হাতিটি বাসটি আটকে দেয়। মাহুত সালামির জন্য আমাকে কিছু টাকা দিতে বলার পর উপায় না দেখে হাতির শুঁড়ে ২০ টাকা গুঁজে দিই। কিন্তু হাতিটি টাকা ছোড়ে ফেলে। পরে ৫০ টাকা দিয়ে ছাড়া পাই।’
গোবিন্দনগরের সবজি ব্যবসায়ী লক্ষ্মণ সরকার বলেন, ‘সালামি বাবদ টাকা না দিলে দোকানের কাঁচামাল পিষ্ট করে ফেলতে চায় হাতিটি। অনেকের কাছ থেকে জোর করে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।’
হাতির মাহুত আবদুল বাতেন জানান, রানীশংকৈল উপজেলার নেকমরদে সার্কাস শুরু হবে। সার্কাসের জন্য দুটি হাতি নিয়ে পায়ে হেঁটে সেখানে যাচ্ছেন তাঁরা। পথে দোকানে দোকানে গিয়ে সালাম দেওয়ার পর লোকজন যা দেন তা নিয়ে নেন। তবে জোর করে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।