ঠাকুরগাঁওয়ে আইনজীবীদের আদালত বর্জন
এজলাসে বসে আইনজীবীদের সম্পর্কে অশালীন মন্তব্য করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা জজ-১ আদালত গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বর্জন শুরু করেছে ঠাকুরগাঁও আইনজীবী সমিতি। গত বুধবার বিকেলে জরুরি সাধারণ সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি তোজাম্মেল হক।
আইনজীবীদের অভিযোগ, ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক হুমায়ুন কবিরের বিচারিক কার্যক্রম নিয়ে আইনজীবীদের মধ্যে অসন্তোষ ছিল। গত বুধবার দুপুরে একটি মামলা পরিচালনার সময় তিনি আইনজীবীদের সম্পর্কে অশালীন শব্দ ব্যবহার ও অশোভন আচরণ করেন। এতে আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে গত বুধবার বিকেলে আইনজীবী সমিতি জরুরি সভা ডাকে। সভায় ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক হুমায়ুন কবিরের অপসারণ দাবি করে তাঁর আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে এ বিষয়ে কথা বলতে বিচারক হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।