ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার, স্ত্রী-সন্তান আটক
ঠাকুরগাঁও শহরের শ্মশানঘাট কালীমন্দির চত্বরের লিচুগাছে ঝুলন্ত অবস্থায় গতকাল সোমবার গোকুল চন্দ্র দাস (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ গোকুলের স্ত্রী ও মেয়েকে আটক করেছে।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ ঘোষ জানান, সকাল সাড়ে ছয়টার দিকে এক পূজারি লিচুগাছে গোকুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি প্রতিবেশীদের ডেকে আনেন। স্থানীয় লোকজন লাশটি শহরের কলেজপাড়ার বাসিন্দা গোকুল দাসের বলে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মন্দির কমিটির সভাপতি শ্যামল কুমার ঘোষ জানান, গোকুল মন্দিরের নৈশপ্রহরী মুকুল চন্দ্র দাসের ছোট ভাই। তিনি নর্থ সার্কুলার সড়কে কৃষি ব্যাংকের সামনে সাইকেল মেরামতের কাজ করতেন।
মুকুল চন্দ্র দাস জানান, গোকুলের সঙ্গে তাঁর স্ত্রী-সন্তানদের ঝগড়াবিবাদ লেগেই থাকত। রোববার রাতেও ঝগড়া হয়। পরিবারের মধ্যে বিরোধের জের ধরেই গোকুলকে হত্যার পর মন্দিরের গাছে লাশ ঝুলিয়ে দেওয়া হতে পারে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গোকুলের স্ত্রী গীতা রানী (৪৫) ও মেয়ে বিপাশাকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক কমল কিশোর ঘোষ বলেন, লাশের দুই হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাতের ক্ষতস্থানে তুলা লাগানো ছিল। এসব দেখে ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে তিনি চিকিৎসা নিয়েছিলেন।
থানায় গোকুলের স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিনিধিরা। তখন গোকুলের মেয়ে বিপাশা তাঁদের জানান, রোববার রাতে ঝগড়ার একপর্যায়ে ঘরের টিনের সঙ্গে লেগে তাঁর বাবার (গোকুল) হাত কেটে যায়। এরপর বিপাশা ওই কাটা স্থানে তুলা লাগিয়ে দেন। ঘটনার পর তাঁর বাবা বাড়ি থেকে বের হয়ে যান।
থানার ওসি মো. মশিউর রহমান জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে।