ঠাকুরগাঁওয়ে একের পর এক মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে চাহিদা রয়েছে এমন একটি মোটরসাইকেল বেছে নেওয়া হয়। এরপর পরিবেশ-পরিস্থিতি বুঝে মোটরসাইকেলটি ঘিরে চলে আনাগোনা। সুযোগ বুঝে চোরের দলের একজন মোটরসাইকেলটির ওপরে বসে সংবাদপত্র খুলে পড়তে শুরু করেন। সংবাদপত্র দিয়ে সৃষ্টি করা আড়ালের সুযোগে চাবির গোছা দিয়ে তালা খোলার চেষ্টা করতে থাকেন আরেক সহযোগী। দূরে দাঁড়িয়ে সম্ভাব্য বিপদের আভাস দেন আরও একজন।
তালা খোলার কাজটি শেষ করতে সময় লাগে তিন থেকে চার মিনিট। কাজ শেষ হলেই মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় চোরের দল। এরপর কয়েক হাত ঘুরে সেই মোটরসাইকেল চলে যায় আশপাশের কোনো প্রত্যন্ত অঞ্চলে। পরে অবস্থা বুঝে এক জেলা থেকে অন্য জেলায়।
সম্পতি ঠাকুরগাঁও সদর থানায় এভাবেই মোটরসাইকেল চুরির প্রক্রিয়া বর্ণনা করেন চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হওয়া চোর চক্রের দুই সদস্য।
ঠাকুরগাঁও জেলায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্থানে ঘটছে মোটরসাইকেল চুরির ঘটনা। গত তিন মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে খোয়া গেছে পুলিশ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তির মোটরসাইকেল। তবে চুরি হলেও ভুক্তভোগীরা সবাই থানায় অভিযোগ করেন না।
ভুক্তভোগী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, ১৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও শহরের খানকা শরিফ এলাকা থেকে মোহাম্মদ ইকবালের বাজাজ কোম্পানির ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এর আগে খানকা শরিফের মসজিদের সামনে থেকে আহম্মদ আলী নামের এক ব্যক্তির বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেলটি চুরি হয়। এর আগে শহরের হাজিপাড়া থেকে একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা শহীদুজ্জামানের হিরো হোন্ডা প্যাসন প্লাস, পরের দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেনের হিরো হোন্ডা, নয়া দিগন্ত-এর জেলা প্রতিনিধি গোলাম সারোয়ারের বাড়ির গ্রিল কেটে চোরেরা একটি হিরো হোন্ডা মোটরসাইকেল নিয়ে যায়।
৮ সেপ্টেম্বর সকালে শহর থেকে মাই টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি রফিকুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়। পুলিশ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বটতলী এলাকায় উত্তরাঞ্চলের মোটরসাইকেল চোর চক্রের নেতা আবদুল করিমের বাসায় হানা দেয়। অভিযানে পুলিশ দুটি মোটরসাইকেল ও যন্ত্রাংশ উদ্ধার করে। পরে দিনাজপুরের কাহারোলের একটি মন্দিরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
মোটরসাইকেলের চালক মো. রাফিউল হক বলেন, ‘দিনের বেলায় চুরির কথা বাদ দিলাম। ঘরের ভেতর হ্যান্ডেল লক, বড়তালা আবার চেইন তালা লাগিয়েও কাজ হচ্ছে না। বারান্দার গ্রিল কেটে মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে।’
পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরী বলেন, চুরি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে। কিছু সফলতাও এসেছে।