ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌর এলাকার নিশ্চিন্তপুর ফকিরপাড়া মহল্লায় মুক্তা নামের এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তার বাবা সদর উপজেলার জগন্নাথপুর (মাস্টারপাড়া) মহল্লার আবদুল কাদের শেখ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই অভিযোগ থেকে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির অন্য লোকজন মুক্তাকে নির্যাতন করতেন। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে মুক্তার বাবাকে জানানো হয়, তাঁর মেয়ে অসুস্থ হওয়ার পর তাঁকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর মুক্তার বাবা হাসপাতালে গিয়ে জানতে পারেন, তাঁর মেয়ে মারা গেছেন। তিনি হাসপাতালে পৌঁছার আগেই শ্বশুরবাড়ির লোকজন মুক্তার লাশ নিয়ে যান। তিনি মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে দেখেন, তাঁর শাশুড়ি মরিয়ম বেগম ছাড়া ওই বাড়িতে আর কেউ নেই। মুক্তার শ্বশুর তাঁকে জানান, মুক্তা ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, গতকাল মুক্তার লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরমৃত্যুর কারণ জানা যাবে। পুলিশের তদন্ত চলছে।