ঠাকুরগাঁওয়ে গৃহবধূর লাশ উদ্ধার
রিং স্ল্যাবের কাঁচা শৌচাগারটির রিংয়ের ভেতর মাটি ও লবণের স্তর। এরপর কাঠের গুঁড়া। সেগুলো সরাতেই বেরিয়ে এল একটি পা। পরে ওই পা ধরে টান দিতেই বেরিয়ে আসে এক নারীর মৃতদেহ।
ঠাকুরগাঁও পৌর এলাকার মুন্সিপাড়ায় গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর নাম রুবা বেগম (৩৫)। তিনি মুন্সিপাড়া মহল্লার মো. আলমের স্ত্রী।
রুবার ফুপাতো ভাই মন্জু বলেন, বছর দুয়েক আগে আলমের সঙ্গে রুবার বিয়ে হয়। আলম মাদকাসক্ত হওয়ায় রুবার সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ লেগে থাকত। এ নিয়ে প্রায়ই তিনি রুবাকে মারধর করতেন। গত শনিবার সকালে আলম আবার রুবাকে মারধর করেন। এ ঘটনার পর রুবা পাশের জলেশ্বরী তলা এলাকায় বাবার বাড়ি চলে যান। পরের দিন রোববার আলম সেখানে গিয়ে রুবাকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। গতকাল রুবার ভাই সুজন বোনের খবর নিতে বাড়িতে আসেন। আশপাশে রক্তের দাগ দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন।