ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছররা গুলিতে পথচারীসহ দুই পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরাস্তায় জেলা ছাত্রলীগের অনুমোদিত কমিটি ও জেলা কমিটিকে প্রত্যাখ্যান করে গঠিত পাল্টা কমিটির নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে গত ১৯ জুলাই ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি হিসেবে মাহাবুব হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সানোয়ার পারভেজের নাম ঘোষণা করা হয়। কিন্তু ছাত্রলীগের একাংশ এ কমিটি প্রত্যাখ্যান করে জি এম সিরাজী মিজানকে সভাপতি ও সৌরভ চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে।
থানা-পুলিশ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফেরত এনে রায় দ্রুত কার্যকর করার দাবিতে জেলা পর্যায়ে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ঘোষিত এ কর্মসূচির অংশ হিসেবে জেলার নবনির্বাচিত কমিটির নেতা-কর্মীরা গতকাল এক মানববন্ধন করে ও স্মারকলিপি দেন। কর্মসূচি শেষে ফিরে যাওয়ার সময় পাল্টা কমিটির নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় উভয় পক্ষ প্রতিপক্ষকে ইটপাটকেল, কাচের বোতল ছুড়তে থাকে।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় তারা ১৩টি ছররা গুলি ছোড়ে। ছররা গুলির আঘাতে অন্তত ২২ জন আহত হন। দুজন পথচারীসহ আহত ১৩ জন আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পথচারীরা হলেন সাদ্দাম (২২) ও জিতু বর্মণ (২০)। অন্য নয়জন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মাহাবুব হোসেন অভিযোগ বলেন, ছাত্রলীগ নামধারী শহরের কিছু চাঁদাবাজ ও টেন্ডারবাজ তাঁদের ওপর হামলা চালিয়েছে। সানোয়ার হোসেন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ তাঁদের কমিটিকে অনুমোদন দিয়েছে। এটা মেনে নিতে না পেরে একটি পক্ষ তাঁদের ওপর হামলা চালিয়েছে।
জি এম সিরাজী মিজান বলেন, জাতির জনকের খুনিদের রায় দ্রুত কার্যকরের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচি তাঁরাও পালন করছিলেন। সে সময় মাহাবুব ও সানোয়ার ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে তাঁদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।