ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের বারবার আসা যাওয়ায় দুর্ভোগ
হাঁসফাঁস গরমে এমনিতেই নাভিশ্বাস! তার ওপর শুরু হয়েছে বিদ্যুতের ভোগান্তি। কয়েক দিন ধরে এটা লক্ষ করা গেলেও ঠাকুরগাঁও শহরে গতকাল মঙ্গলবার ভোর থেকে ঘণ্টায় তিন থেকে পাঁচবার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। বিদ্যুতের যাওয়া-আসার খেলায় অতিষ্ঠ এলাকাবাসী। ব্যাহত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমও।
শহরের ঘোষপাড়ার বাসিন্দা আয়শা পারভীন বলেন, কয়েক দিন ধরে বৃষ্টির দেখা নেই। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। এরমধ্যে দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত অন্তত ২০ থেকে ২৫ বার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। এতে শিশু ও বয়স্ক মানুষের কষ্ট বেড়ে গেছে।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস আলম বলে, সামনে জেএসসি পরীক্ষা, অথচ বিদ্যুতের ভেলকিবাজিতে পড়াশোনা করা যাচ্ছে না। দিনে বিদ্যুৎ থাকে না। ভ্যাপসা গরমে ঘরেও টেকা যায় না।
নাম প্রকাশ না করার শর্তে ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীর একজন শিল্প উদ্যোক্তা বলেন, ‘বিদ্যুতের আসা-যাওয়ায় কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। নষ্ট হয়ে গেছে একটি মোটর।’
হাজীপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহমান বলেন, ‘বিদ্যুৎ কখন যায় আর কখন আসে, সেটাই তো বুঝতে পারছি না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাড়ির দুটি বৈদ্যুতিক পাখা নষ্ট হয়ে গেছে।’ শহরের চৌরাস্তার ফটোস্ট্যাট ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, দিনে কতবার যে বিদ্যুৎ গেছে, তার কোনো হিসাব রাখা সম্ভব হয়নি। দিনের বেশির ভাগ সময় তাঁকে বসে থাকতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠাকুরগাঁও কার্যালয়ের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর মাহফুজুর রহমান বলেন, ‘শহরে আমাদের দৈনিক ১৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে ৪ থেকে ৫ মেগাওয়াট বিদ্যুৎ পাই। এ কারণেই এলাকায় লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি।’ আর ঘণ্টায় কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় গ্রিডের কারণে এমনটি হচ্ছে।