ঠাকুরগাঁওয়ে সরকার-নির্ধারিত দামে বীজ আলু কিনতে পারছেন না কৃষকেরা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলাররা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিএডিসি ঠাকুরগাঁওয়ের উপপরিচালকের (বীজ) কার্যালয় সূত্রে জানা গেছে, গত মৌসুমে জেলায় ২৩ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। এ জেলায় ৩৮ হাজার ৬৩০ মেট্রিক টন বীজ আলুর চাহিদা ছিল। এ বছরও প্রায় একই পরিমাণ জমিতে আলুর আবাদ হতে পারে। কিন্তু বিএডিসি এ বছর ঠাকুরগাঁওয়ের জন্য ৮০০ মেট্রিক টন বীজ আলু বরাদ্দ দিয়েছে। বিএডিসি কার্ডিনাল জাতের প্রতি কেজি ‘বি’ গ্রেডের ২৮ ও ‘এ’ গ্রেডের বীজ আলু ৩০ টাকায় এবং গ্র্যানুলা জাতের বীজ আলু ২২ থেকে ২৪ টাকায় বিক্রির জন্য দর নির্ধারণ করে দেয়।
কৃষকদের অভিযোগ, অধিকাংশ ডিলার ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বীজ আলু বিক্রি করছেন।
সদর উপজেলার দেবিপুর গ্রামের আলুচাষি সলিম উদ্দিন গত সোমবার বিএডিসি বীজ ডিলার সমিতির সভাপতি এনামুল হকের ঐশি বীজ ভান্ডারে বীজ আলু কিনতে যান। বিক্রয়কর্মী প্রতি কেজি বিএনডিসির বীজ আলুর জন্য ৪৫ টাকা দাম চান। দর-কষাকষি করে সালিম প্রতি কেজি বীজ আলু ৩৬ টাকা দরে কেনেন। তিনি বলেন, ‘জমি চাষ দেওয়া হয়েছে, কিন্তু বিএডিসির বীজ পাচ্ছিলাম না। বেশি দাম হলেও এখানে পেয়ে ১৬০ কেজি বীজ আলু কিনেছি।’
সদর উপজেলার আকচা গ্রামের আরেক কৃষক আজাহার আলী বলেন, ‘বিএডিসির বীজ আলু ভালো, তাই চাহিদা বেশি। এ কারণে ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করেন। বাড়তি দামে বীজ বিক্রি করেন। আমি ৪০ কেজি ওজনের প্রতি বস্তা দুই হাজার টাকা করে কিনে খেতে লাগিয়েছি।’
সদর উপজেলার বালিয়া গ্রামের চাষি আহসান হাবিব বিএডিসির এক টন আলুবীজের জন্য দুই সপ্তাহ ধরে ডিলার আর বিএডিসির গুদামে ধরনা দিয়েছেন। কিন্তু এক কেজি বীজও পাননি। তিনি বলেন, ‘পরে অনেক বেশি দর দিয়ে বিএডিসির একজন ডিলারের কাছ থেকে এক টন আলুবীজ কিনেছি।’
শহরের গোবিন্দনগর এলাকার ডিলার ফরিদ উদ্দিন বলেন, ‘বিএডিসি থেকে চার মেট্রিক টন আলুবীজ বরাদ্দ পেয়েছি। তা আবার ফরিদপুর, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলার হিমাগার থেকে নিয়ে আসতে পরিবহন খরচ বেশি পড়ে। এ কারণে ডিলাররা একটু বাড়তি দাম নিতে পারে।’
জেলা বিএডিসির বীজ ডিলার সমিতির সভাপতি এনামুল হক বলেন, ‘চাহিদার তুলনায় জেলায় মানসম্মত বীজ আলুর সরবরাহ অনেক কম। বীজের সংকট মোকাবিলার জন্য জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় বীজ ডিলারদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে বীজ এনে এ জেলার চাহিদা মেটাতে পরামর্শ দেওয়া হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে বীজ আলু সংগ্রহ করতে গিয়ে প্রতি কেজি বীজের খরচ বেড়ে গেছে। এ কারণে প্রতি কেজি বীজ আলু ৩৭ টাকা করে বিক্রি করতে বাধ্য হচ্ছি।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, আলু চাষে যেন প্রভাব না পড়ে, এ কারণে বীজ ডিলারদের অন্য জেলা থেকে বীজ এনে বাজারে সরবরাহ করতে পরামর্শ দেওয়া হয়েছিল, এটা ঠিক। পাশাপাশি মাত্রাতিরিক্ত দামেও বীজ আলু বিক্রি করা যাবে না বলে সতর্ক করা হয়েছিল। ডিলাররা এখন সেই সিদ্ধান্তের সুযোগ নিয়ে থাকতে পারেন।
বিএডিসির বীজ বিপণন বিভাগ দিনাজপুরের উপপরিচালক মাহবুব হোসেন বলেন, ‘ডিলাররা বেশি দরে বীজ আলু বিক্রি করছেন—এমন অভিযোগ পেয়েছি। বীজ বিপণন বিভাগের লোকবল কম থাকায় আমরা অভিযোগগুলো যাচাই করে ব্যবস্থা নিতে পারি না। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হয়। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হবে।’