ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে গতকাল রোববার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা। তাঁরা নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেছেন বলে অভিযোগ এনে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি করেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও, নন্দুয়ার ও বাচোর ইউনিয়নের নির্বাচন ১৩ জুলাই অনুষ্ঠিত হয়। হোসেনগাঁও ইউনিয়নে বিএনপির প্রার্থী মাহবুব আলমকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়। তিনি ৪ হাজার ৪৮২ ভোট পান। আওয়ামী লীগের প্রার্থী গোলাম রব্বানী পান ৪ হাজার ৪৩৮ ভোট।
গোলাম রব্বানী অভিযোগ করেন, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদ্র জাতিসত্তার ১৫০ থেকে ২০০ ভোটারকে স্থানান্তর দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ পড়া সব ভোটারই তাঁর সমর্থক। বাঁশবাড়ি গ্রামের দবিরুল ইসলামের গোটা পরিবারে ৩৪ জন সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভোটার তালিকায় ওই পরিবারের শুধু ১১ জনের নাম রয়েছে। অন্য ব্যক্তিদের নামের পাশে স্থানান্তর দেখানো হয়। এভাবে গোটা ইউনিয়নের অনেক জায়গায় ভোটার তালিকা করার সময় ষড়যন্ত্র করে আওয়ামী লীগের সমর্থকদের নাম বাদ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা বিএনপির প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে ফলাফল পাল্টে দিয়েছেন। ১ নম্বর ভোটকেন্দ্রের ফলাফল শিটে কয়েকবার কাটাকাটি করা ফলাফল তৈরি করা হয়েছে। ৮ নম্বর ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দিয়ে ফলাফল তৈরি করা হয়েছে।
গোলাম রব্বানী আরও অভিযোগ করেন, ‘উপজেলা কন্ট্রোল রুম থেকে বিজিবি দিয়ে আমাকে বের করে দিয়ে ভোটের ফলাফল আমার পক্ষে ঘোষণা করা হলো। পরে আবার বিএনপির প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে আমার কর্মী-সমর্থকেরা প্রতিবাদ করতে গেলে বিজিবি ধাওয়া দিয়ে তাঁদের তাড়িয়ে দেয়।’
গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জড়ো হন গোলাম রব্বানীর সমর্থকেরা। পরে সেখানে ভোটে অনিয়ম ও কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়। সভায় গোলাম রব্বানী ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সইদুল হক, সাধারণ সম্পাদক মো. তাজউদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগের সভাপতি মো. আইয়ুব আলী প্রমুখ বক্তব্য দেন।
রিটার্নিং কর্মকর্তা সঞ্জয় দেবনাথ অনিয়ম ও কারচুপির অভিযোগ অস্বীকার করে বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে।
মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও রানীশংকৈল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তকদির আলীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মো. নাহিদ হাসান কন্ট্রোল রুম থেকে আওয়ামী লীগের প্রার্থীকেবের করে দিয়ে ফলাফল ঘোষণার কথা অস্বীকার করে বলেন, ‘দাপ্তরিক কাজে আমি জেলায় এসেছি। শুনেছি পরাজিত এক প্রার্থীর সমর্থকেরা উপজেলা নির্বাহীর কার্যালয়ের সমানে বিক্ষোভ করেছেন। এ বিষয়ে পরে কথা হবে।’