ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে চলতি মার্চ মাসের ২৮ দিনে ১৩৮ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি গ্রেপ্তার হয়েছে। এসব ঘটনায় জেলার ৬টি থানায় ১২৭টি মামলা হয়েছে। গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ এসব তথ্য জানিয়েছেন।
দেওয়ান লালন আহমেদ আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিবছর বিপুল পরিমাণ মাদক জব্দ করছে। পাশাপাশি মাদক ব্যবসায়ী, পাচারকারীদেরও গ্রেপ্তার করছে। তবু মাদকের বিস্তার রোধ করা যাচ্ছে না। এ কারণে জনগণকে সঙ্গে নিয়ে সাঁড়াশি অভিযানের পরিকল্পনা হাতে নেন পুলিশ সুপার ফারহাত আহমেদ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা ডেকে মাদকের বিস্তার রোধে পুলিশ সুপার মাদকের প্রতি জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। কৌশলের অংশ হিসেবে প্রথমে গ্রাম-মহল্লার মাদক পাচারকারী ও ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ করা হয়। সেই তালিকা ধরে ১ মার্চ থেকে জেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় একের পর এক মাদকবিরোধী অভিযান চালাতে শুরু করে পুলিশ।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ৩৭৯ বোতল আমদানি-নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল, ১ হাজার ৫৪০টি ইয়াবা বড়ি, ৫ কেজি ৭৪৫ গ্রাম গাঁজা ও ৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা মো. আসাদ উল্লাহ বলেন, মাদক প্রতিরোধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়। অভিযানের পাশাপাশি জনসংযোগ, সেমিনার, শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মাদকবিরোধী প্রচারকাজ চালাতে হবে। একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ‘পুলিশের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে আমরা সক্রিয় হলেই মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা সম্ভব।’
ফারহাত আহমেদ বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। পুলিশের এ অভিযানে সাধারণ জনগণের সহায়তা পেলে ঠাকুরগাঁওকে দ্রুত মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা সম্ভব।