ঠাকুরগাঁওয়ে স্থাপনা নির্মাণ করে জমি দখলের চেষ্টা
ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখলে নেওয়ার চেষ্টা করছে একটি চক্র। এতে করে সড়কসংলগ্ন জমির মালিকেরা তাঁদের জমিতে যেতে পারছেন না। এ বিষয়ে সড়ক বিভাগ থেকে নোটিশ দেওয়া হলেও চক্রটি স্থাপনা সরিয়ে নিচ্ছে না।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ২০০৪ সালে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পাশে পূর্ব গোয়ালপাড়ায় সালন্দর মৌজার ৬৭৮৫ ও ৬৭৮৮ নম্বর দাগে সাড়ে ৩৩ শতক জমি যৌথভাবে কেনেন শহরের আজিজুর রহমান ও রমজান আলী। জমি কেনার কিছুদিন পর তাঁরা মাটি ভরাট করেন। এরপর সীমানাপ্রাচীর দেন। কিন্তু গত ২০ জানুয়ারি শহরের গোয়ালপাড়ার বাসিন্দা এবার উদ্দিন দলবল নিয়ে ওই জমির কিছু অংশ ও সামনে সওজের জায়গায় টিনের স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি নজরে এলে জমির মালিকেরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে এবার উদ্দিন দাবি করেন, সেখানে তাঁর তিন শতক জমি রয়েছে।
২৩ জানুয়ারি বিষয়টি পৌর মেয়রকে জানানোর পর জমির মালিকেরা ২৫ জানুয়ারি সড়ক বিভাগ ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে তাঁদের জমির সীমানা নির্ধারণ করে দেওয়ার আবেদন করেন। আবেদনের পর সওজের জরিপকারক মো. সাজ্জাদ হোসেন জমি মেপে একটি প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়, সালন্দর মৌজার ৬৭৮৬ নম্বর দাগের সম্পূর্ণ জমি ৯/৪-১৯৪৯-১৯৫০
নম্বর এলএ কেসের মাধ্যমে ঠাকুরগাঁও সড়ক বিভাগ অধিগ্রহণ করেছে। এরপর ওই জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে সওজ বিভাগ এবার উদ্দিনকে ১ ফেব্রুয়ারি ও ৯ ফেব্রুয়ারি দুই দফা নোটিশ দেয়। কিন্তু তিনি এখনো সেখান থেকে স্থাপনা সরিয়ে নেননি।
মো. সাজ্জাদ হোসেন বলেন, ১৯৪৯-১৯৫০ সালে সড়ক নির্মাণের জন্য সালন্দর মৌজার জমি অধিগ্রহণ করা হয়। ৬৭৮৬ নম্বর দাগের সম্পূর্ণ জমি অধিগ্রহণ করা হয়। শুধু তা-ই নয়, ৬৭৮৫ ও ৬৭৮৮ নম্বর দাগেরও প্রায় তিন শতক জমি সড়কের মধ্যে রয়েছে। এবার উদ্দিন অন্য কোনো মতলবে ওই জমি দাবি করছেন বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে এবার উদ্দিন বলেন, তিনি অন্যের জমিতে স্থাপনা তৈরি করেননি। মহাসড়কের পাশে তাঁর চার শতক জমি ছিল, সওজ সে জমির ১ শতক অধিগ্রহণ করেছে। বাকি তিন শতকের ওপর তিনি ঘর তৈরি করতে গিয়েছিলেন।
এদিকে অভিযোগ পাওয়ার পর চারজন ওয়ার্ড কাউন্সিলরকে ঘটনাটি দেখে সমস্যা নিরসনের দায়িত্ব দেন পৌরসভার মেয়র। তাঁদের একজন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, এবার উদ্দিন একপ্রকার জোর করে জমিটি দাবি করছেন। তিনি যে জমির কথা বলছেন তা সওজের অধিগ্রহণ করা জমির মধ্যে পড়েছে। যেখানে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক রয়েছে। তিনি আরও বলেন, এবার উদ্দিন ও তাঁর ছেলেদের বিরুদ্ধে জমি নিয়ে হয়রানির অভিযোগ বিভিন্ন সময়ে করেছেন ওই এলাকার অনেক জমির মালিক।
পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, বিষয়টি তাঁদের নজরে রয়েছে। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।