ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিরহাটে গত মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আবদুল মান্নানকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সজীব দত্তের নেতৃত্বে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
এদিকে মাদারীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন।
ঠাকুরগাঁওয়ে নিহত আবদুল মান্নান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কাদির চৌধুরী। সজীব দত্তকে গতকাল বহিষ্কার করেছে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে আবদুল মান্নান মুন্সিরহাট দিয়ে যাওয়ার সময় সজীব দত্তসহ কয়েকজন তাঁর পথ রোধ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সেখানে যাওয়া স্বেচ্ছাসেবক লীগের কর্মী জুম্মন খান এগিয়ে গেলে তাঁকেও জখম করা হয়। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুব্রত কুমার সেন বলেন, হাসপাতালে আনার আগেই মান্নানের মৃত্যু হয়। জুম্মনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. জনি বলেন, কয়েক দিন আগে ধূমপান করা নিয়ে সজীবের সঙ্গে মান্নানের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার রাতে বিসিক শিল্পনগরী এলাকায় সজীবসহ কয়েকজন মান্নানকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে মান্নান মুঠোফোনে তাঁকে ও জুম্মনকে দ্রুত মুন্সিরহাটে যেতে বলেন। তিনি সেখানে গিয়ে দেখেন, সজীবসহ আরেকজন মান্নানকে ছুরিকাঘাত করছে।
মান্নানের বড় ভাই আবু আলী বলেন, ‘সজীব নিজের হাতে আমার ভাইকে খুন করেছে বলে আমরা জানতে পেরেছি।’
ময়নাতদন্ত শেষে মান্নানের লাশ জানাজার জন্য গতকাল বিকেলে ঠাকুরগাঁও স্টেশন রোড এলাকায় নেওয়ার পর স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে স্টেশন সড়কে শুক নদের ওপরের সেতুতে অবরোধ করেন। সন্ধ্যায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে স্টেশন রোডে খানকা শরিফের পীর গোলাম নাকশাবান্দ উলুব্বীর নির্দেশে তাঁর ছেলে আহমেদ উলুব্বী লোকজনকে শান্ত করেন। রাত আটটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ এই হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, হত্যায় জড়িত সন্দেহে সজীবের বড় ভাই দেবাংশু দত্ত ও রতন নামের দুজনকে আটক করা হয়েছে।
সজীব ও মানিককে যুবলীগ থেকে বহিষ্কার
গতকাল আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার অভিযোগের সত্যতা প্রাথমিক তদন্তে পাওয়া যাওয়ায় ঠাকুরগাঁও সদর থানা শাখার যুগ্ম সম্পাদক সজীব দত্তকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া অনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ প্রাথমিক তদন্তে যথাযথ প্রমাণিত হওয়ায় একই শাখার সাংগঠনিক সম্পাদক মানিক কুমার দেকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মাদারীপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জুলাই মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানের স্থানীয় সমর্থকদের সংঘর্ষ হয়। এর প্রতিবাদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদের নেতৃত্বে সংগঠনের একাংশ মঙ্গলবার কলেজ গেটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। পাল্টা কর্মসূচি হিসেবে জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেনের নেতৃত্বে সংগঠনের অপর অংশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল বেলা ১১টায় মানববন্ধন করে। এ সময় অপর পক্ষ সেখানে মোটরসাইকেল মহড়া করলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় পুলিশের ৪ সদস্যসহ ২৫ জন আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হন ১০ জন। গুরুতর আহত ৬ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন বলেন, ‘আমাদের ১০ জনের বেশি নেতা-কর্মী পুলিশের গুলিতে আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা সদর হাসপাতালেও দিতে দেয়নি, বাধাগ্রস্ত হলে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।’
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর মাহমুদ বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্রলীগের ওই গ্রুপের মানববন্ধন চলছিল। পাশে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাফা করিমের ওপর ওই পক্ষ হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আমাদের লোকজনকে সরিয়ে নিই। আমাদের ৮-১০ নেতা-কর্মী আহত হয়েছেন।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।