ঠাকুরগাঁওয়ে ২০ টাকার জন্য খুন হলেন নারী মুদি দোকানি
পাওনা ২০ টাকা নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে এক নারী দোকানি খুন হয়েছেন বলে জানা গেছে। তাঁর নাম হোসনে আরা (৫৫)। গত রোববার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ইয়াকুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার আকচা ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামে হোসনে আরার মুদি দোকানে জিনিসপত্র কিনতে আসেন ইসমাইল হোসেন (২২)। সে সময় হোসনে আরা তাঁর কাছে আগের পাওনা ২০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হোসনে আরার স্বামী আবদুর রাজ্জাক এলে ইসমাইল তাঁর সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। একসময় ইসমাইল লাঠি দিয়ে রাজ্জাককে মারতে থাকলে হোসনে আরা বাধা দিতে এগিয়ে আসেন। তখন মাথায় লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হোসনে আরার স্বামী আবদুর রাজ্জাক বলেন, মাত্র ২০ টাকার জন্য তাঁর স্ত্রীকে মরতে হলো। এটা তিনি মেনে নিতে পারছেন না।
সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, দোকানে বাকি রাখা ২০ টাকা দাবি করায় খদ্দেরের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে লাঠির আঘাতে হোসনে আরার মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এ ঘটনায় হোসনে আরার স্বামী আবদুর রাজ্জাক বাদী হয়ে গতকাল ঠাকুরগাঁও থানায় মামলা করেছেন। ইসমাইল পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।