ঠাকুরগাঁওয়ে কার্ড ফেরত চেয়ে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার বিত্তবানদের ১০ টাকা কেজি চালের কার্ড ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার প্রতিটি ইউনিয়নে গতকাল সোমবার মাইকযোগে এ আহ্বান জানানো হয়।

সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে ১০ টাকা কেজি দরে চাল দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ চাল বিতরণের জন্য তালিকাভুক্ত ব্যক্তিদের কার্ড দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খাদ্য অধিদপ্তর এ তালিকা করে। কিন্তু ঠাকুরগাঁওয়ের তালিকা তৈরি ও কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে ১৫ অক্টোবর ‘আওয়ামী লীগ নেতাদের স্বজন, মৃত ব্যক্তি, শিশুদের নামেও কার্ড’ শিরোনামে প্রথম আলোতেসংবাদ প্রকাশিত হয়।

নানা অভিযোগ পেয়ে কর্মসূচিতে স্বচ্ছতা আনতে গত বৃহস্পতিবার সদর উপজেলার ইউপি চেয়ারম্যানদের নিয়ে মতবিনিময় সভা করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা তালিকা যাচাই কমিটির প্রধান উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড বিতরণে অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পদক্ষেপ নিতে বলেন।

সভায় সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ১০ টাকা কেজি মূল্যের চাল কোনোভাবেই সচ্ছল পরিবারের লোকজন পেতে পারেন না। হতদরিদ্র মানুষেরাই যেন ১০ টাকা মূল্যের চাল পান, সে দিকটি বিবেচনা করে সচ্ছল ব্যক্তিদের নামে দেওয়া কার্ড বাতিল করে স্বচ্ছ তালিকা জমা দিতে তিনি চেয়ারম্যানদের নির্দেশ দেন।

এরপর তালিকা সংশোধনের জন্য বিত্তবান ও কার্ড পাওয়ার অযোগ্য ব্যক্তিদের কাছে কার্ড ফেরত চেয়ে গতকাল প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে প্রচার চালানো হয়। এসময় ঘোষণা করা হয়, কার্ড পাওয়ার অযোগ্য ব্যক্তিরা মঙ্গলবারের (আজ) মধ্যে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে কার্ড হস্তান্তর করবেন। নতুবা কার্ডধারীর বিরুদ্ধে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢোলরহাট এলাকার দিনমজুর রণজিৎ বর্মণ বলেন, ‘আমার ভিটাটুকুও নাই। মজুরি করে সংসার চলে। কিন্তু হামাক ১০ টাকা কেজি দরের চাল কেনার কার্ড না দিয়ে ধনীলাক দিছে। এলা আবার ধনীলার কার্ড ফেরতেরতানে মাইকিং হছে। এরপরও গরিবলা কার্ড পাবে মনে হয় না।’

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বলেন, প্রকল্পের উপকারভোগীর তালিকা তৈরিতে খুব একটা সময় দেওয়া হয়নি। অনিয়ম দূর করে একটি স্বচ্ছ তালিকা তৈরির জন্য তাঁরা কয়েক দিনের সময় চেয়েছেন। এরপরও ভুল থাকলে মাইকযোগে ঘোষণা দিয়ে কার্ড ফেরত দিতে বলেছেন।

তালিকা বাছাই কমিটির উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, উপজেলায় মাইকযোগে বিত্তবানদের নামে ইস্যু করা কার্ডগুলো ফেরত চাওয়া হয়েছে। কার্ড ফেরত না দিলে আইনি ব্যবস্থা কী হবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পরে তা বিবেচনা করা হবে।