ঠিকাদার ও স্থানীয়দের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর নির্মাণ কাজ নিয়ে ঠিকাদার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে শাহজালাল হলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. হারুন, মো. কামাল উদ্দিন, মো. জাফর ও মো. শহীদ। ঠিকাদার জামাল উদ্দিন, সুপার ভাইজার মো. সেকান্দার, সোলায়মান বাদশা, শ্রমিক মো. মাছুম, মো. আলী, আলমগীর ও খোকন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকালে শাহজালাল হলের সামনে সীমানাপ্রাচীর নির্মাণ করছিলেন বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পাওয়া ঠিকাদারের নিয়োজিত শ্রমিকেরা। এ সময় স্থানীয়রা নির্মাণকাজে বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে।

এলাকাবাসী মো. হারুন প্রথম আলোকে বলেন, গত ২৮ মে হাইকোর্ট সীমানাপ্রাচীরের নির্মাণকাজে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এরপরও বৃহস্পতিবার ভোরে নির্মাণকাজ শুরু করেন ঠিকাদার। এলাকাবাসী এতে বাধা দিলে তাঁরা মারধর শুরু করেন।’

ঠিকাদার জামাল উদ্দিন বলেন,  বৃহস্পতিবার কাজ শুরুর পর সকাল নয়টার দিকে এলাকার কয়েকজন মাস্তান হামলা চালায়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আকতারুজ্জামান বলেন, সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।