ঠিকাদার ধরতে গিয়ে র্যাব অবরুদ্ধ, গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ক্যাম্পের একদল সদস্য গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বাহুবলে গ্যাসফিল্ডের একজন ঠিকাদারকে আটক করতে গেলে শ্রমিক ও এলাকাবাসী তাঁদের অবরুদ্ধ করেন। পরে ফাঁকা গুলি ছুড়ে ঠিকাদারকে নিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন র্যাব সদস্যরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার বড়গাঁও (ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক) এলাকায় বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানির রশিদপুর তেল শোধনাগারের দ্বিতীয় প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্পে মাটি ভরাটের কাজ পেয়েছিলেন সিলেটের ঠিকাদার আবদুল আউয়াল। তিনি নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় ১১ জুন কার্যাদেশ বাতিল হয়। পরে একই কাজ পান ঠিকাদার শাহেদ চৌধুরী। তিনি কাজও শুরু করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল দুপুরের দিকে র্যাব সদস্যরা প্রকল্প এলাকায় গিয়ে ঠিকাদার শাহেদকে মারধর করে গাড়িতে তোলার চেষ্টা করেন। এতে বাধা দেন শ্রমিকেরা। তাঁরা জানতে চান, ঠিকাদারকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় র্যাব জানায়, শাহেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে র্যাবের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা শুরু হয়, ছড়িয়ে পড়ে উত্তেজনা। এ সময় আশপাশের লোকজনও জড়ো হন। পরে শ্রমিক ও আশপাশের কয়েক শ লোক র্যাব সদস্যদের ঘিরে ফেলেন। অবরুদ্ধ হয়ে পড়েন র্যাব সদস্যরা। এর একপর্যায়ে তাঁরা ফাঁকা গুলি ছুড়ে শাহেদকে নিয়ে শ্রীমঙ্গল ক্যাম্পে চলে যান।
এ ঘটনার পরপর শ্রমিক ও এলাকাবাসী বড়গাঁওয়ে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক অবরোধ করেন। সন্ধ্যা পর্যন্ত অবরুদ্ধ থাকায় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সন্ধ্যার পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন এলাকাবাসী।
আটক হওয়ার আগ মুহূর্তে শাহেদ চৌধুরী মুঠোফোনে অভিযোগ করেন, আওয়াল একজন মন্ত্রীর নাম ব্যবহার করে প্রকল্পের কাজ না করার জন্য তাঁকে চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে র্যাবকে ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারি কাজে শাহেদের সহযোগী আবদুল কায়েসের অভিযোগ, ঘটনার সময় আবদুল আউয়াল র্যাবের গাড়িতে বসে ছিলেন।
এ বিষয়ে জানতে মুঠোফোনে আবদুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এ এন এ মোছাব্বিরের সঙ্গে ও র্যাবের সিলেট কার্যালয়ের মিডিয়া কর্মকর্তার কার্যালয়ে মুঠোফোনে প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার ফোন দিলেও কেউ ফোন ধরেননি।
হবিগঞ্জের বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন প্রথম আলোকে জানান, শাহেদ চৌধুরীকে আটকের সময় শ্রমিক ও এলাকাবাসী বাধা দিলে র্যাবের সদস্যরা কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তাঁকে নিয়ে যান। তবে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে থানায়¯কিছু জানানো হয়নি। শাহেদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ নেই বলেও জানান ওসি।
এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, শাহেদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজি ও শ্রমিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে র্যাব ঘটনাস্থলে যায়। এ সময় শাহেদ চৌধুরীর লোকজন র্যাব সদস্যদের ওপর চড়াও হলে ফাঁকা গুলি ছুড়ে তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়।