
প্রতারণা করে নাটোরের উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় ঠিকাদার সোহেল ফয়সালের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রবিউল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন।
নাটোর আদালত পুলিশ সূত্রে জানা যায়, উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় হাজতে থাকা আসামি সোহেল ফয়সালকে আজ দুপুরে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা শাহ আলম আসামির তিন দিনের রিমান্ড আবেদন করেন। তিনি আদালতকে জানান, প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন থেকে আসামি প্রতারণা করে নিলামকৃত গাছের বাইরে বিপুলসংখ্যক গাছ চুরি করেছেন। গুরুত্বপূর্ণ একটি স্থাপনার এসব গাছ চুরির সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, থাকলে তাঁরা কারা ইত্যাদি বিষয় জানা দরকার। এ জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী লোকমান হোসেন রিমান্ডের বিরোধিতা করে বলেন, আসামি ফয়সাল বিধি অনুযায়ী গণভবন থেকে গাছ কিনেছেন। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে তিনি গাছ কেটেছেন। এ জন্য ঠিকাদার জড়িত নই।
আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মণ্ডল রিমান্ডের বলেন,সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। অবিলম্বে তাঁকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।