ঠিকাদারকে পিটিয়ে হত্যা দুজনের লাশ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে গতকাল শনিবার এক ঠিকাদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই দিন উপজেলায় এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গতকাল এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুর ফরিদগঞ্জের পূর্ব সাহাপুর গ্রামের ঠিকাদার হান্নান শেখ (৫৫) ও উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের ইসমাইল হোসেন (২৫)। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বানাশ্রম গ্রামের মানিক মিয়া (২৪)।
হান্নান শেখের ছেলে আবদুল আজিজ সুজন অভিযোগ করেন, জমি নিয়ে পাশের বাড়ির আবু তাহেরের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল দুপুরে তাহেরের দুই ছেলে ইমরান ও মমিনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা হান্নান শেখকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
ফরিদগঞ্জ গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে বলেন, ইসমাইল হোসেন প্রতিদিনের মতো ুক্রবার সন্ধ্যার পর নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে বের হন। এরপর আর ফেরেননি। গতকাল সকালে তাঁর লাশ গল্লাক কলেজের অদূরে বিলের মধ্যে নৌকার পাশে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশকার আলী পোশাকশ্রমিকের পরিবারের বরাত দিয়ে বলেন, মানিক তাঁর স্ত্রীকে নিয়ে বাড়ির সামনের পুকুরে কাপড় কাচছিলেন। কিছু কাপড় কাচার পর তা রোদে শুকানোর জন্য মানিকের স্ত্রী বাড়ির ভেতরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন পুকুর পাড়ে কাপড় শুকানোর বাঁশটি হেলে পড়ে আছে। এ সময় পুকুরের পানিতে লুঙ্গি-জাতীয় কিছু ভেসে থাকতে দেখে তিনি চিৎকার শুরু করেন। পরে লোকজন এসে মানিককে পানিতে মৃত অবস্থায় দেখতে পান।