ঠিকাদারসহ তিন খুন
চট্টগ্রামে পৃথক ঘটনায় এক ঠিকাদারসহ তিনটি খুনের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তিরা হলেন নগরের হালিশহরের আবদুর রহিম ওরফে খোকন (২৬), সদরঘাট এলাকার পোশাকশ্রমিক আঁখি আক্তার (২৫) ও বাহার (২৪)।
নগরের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির প্রথম আলোকে জানান, গত শনিবার রাত একটার দিকে হালিশহরের আই ব্লকের বাসায় যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা আটকে ঠিকাদার আবদুর রহিম খোকনকে কুপিয়ে হত্যা করে রাস্তার পার্শ্ববর্তী নালায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে আবুল বশর, রমজান আলী ও মোতালেব নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিকাদারি ব্যবসার বিরোধের জের ধরে এই খুনের ঘটনা ঘটেছে। নিহত খোকন এই আবাসিক এলাকায় নির্মাণসামগ্রী সরবরাহ করতেন। এ ছাড়া এলাকার আবদুল মোনাফ হত্যার আসামি তিনি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটতে পারে।
সদরঘাট থানার পরিদর্শক তদন্ত সদীপ কুমার দাশ বলেন, রোববার সদরঘাট রশিদ বিল্ডিং এলাকায় বাহার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
সদীপ কুমার দাশ আরও বলেন, পরদিন সোমবার সদরঘাট পশ্চিম মাদারবাড়ি এলাকায় আখি আক্তার নামের এক পোশাকশ্রমিককে খুন করে পালিয়েছে তাঁর স্বামী ইউসুফ। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। তবে কাউকে আটক করা যায়নি।