ঠিকাদারি কাজ না পেয়ে কর্মচারীকে মারধর
ঠিকাদারি কাজ না পাওয়ায় এক সরকারি কর্মচারীকে নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় সাংসদের চাচাতো ভাইসহ কয়েকজন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে কলমাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার হওয়া কর্মচারীর নাম মিজানুর রহমান। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। এই ঘটনায় তিনি সাংসদ ছবি বিশ্বাসের চাচাতো ভাই সুজন বিশ্বাস ও তাঁর লোকজনের নামে মামলা করেছেন। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে রাত নয়টার দিকে আওয়াল ও উত্তম নামে দুজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী, উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে কলমাকান্দা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ২ কোটি টাকার পাঁচটি সেতু নির্মাণ করার জন্য কিছুদিন আগে দরপত্র আহ্বান করা হয়। নেত্রকোনা-১ আসনের সাংসদের চাচাতো ভাই সুজন বিশ্বাস ওই কাজ পেতে দরপত্র দাখিল করেন। গত ২৮ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে লটারির মাধ্যমে এই কাজ নেত্রকোনার চারজন ও কলমাকান্দার একজন ঠিকাদার পান। কাজ না পাওয়ায় তখন থেকেই সুজন বিশ্বাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমানের ওপর ক্ষিপ্ত ছিলেন। তিনি চেয়েছিলেন লটারি না করে অনৈতিকভাবে তাঁকে যেন কাজ পাইয়ে দেওয়া হয়। কিন্তু তা না করায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুজন বিশ্বাস ও তাঁর লোকজন মিজানুরকে তাঁর কার্যালয়ে গিয়ে কিল, ঘুষি ও লাথি মারেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
মিজানুর রহমান অভিযোগ করেন, ‘আমি অফিসে বসে কম্পিউটারে কাজ করছিলাম। হঠাৎ সুজন বিশ্বাস তাঁর দলবল নিয়ে এসে আমাকে বলে, তোর জন্যই আমি কাজ পাইনি। এ কথা বলে সে আমাকে কিল, ঘুষি, চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে পিটিয়েছেন।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান বলেন, ‘আমার কর্মচারীকে সুজন ও তাঁর লোকজন মারধর করেছে। আমি নিজেও এখন ভয় পাচ্ছি। কাল (আজ) অফিসে গেলে আমার ওপর হয়তো তাঁরা আক্রমণ করতে পারেন।’
এ বিষয়ে কথা বলার জন্য সুজনের মুঠোফোনে বারবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। তাঁকে না পেয়ে তাঁর বড় ভাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ বিশ্বাসের সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে রাত সোয়া আটটার দিকে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘যারা কাজ পেয়েছে মিজানুর টাকা খেয়ে তাঁদের সাহায্য করেছে। তাই আমার ভাই তাঁকে কেবল চড়-থাপ্পড় দিয়েছে। ওকে ভালো করে পেটানো উচিত ছিল।’ অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপি মহোদয় ও ইউএনও এই কাজ নেগোসিয়েশন (সমঝোতা) করতে সম্মতি দিয়েছিলেন। কিন্তু মিজানুর তা মানেনি। তাই তাঁকে চড়-থাপ্পড় দেওয়া হয়েছে।’
এ বিষয়ে কথা বলার জন্য সাংসদ ছবি বিশ্বাসের মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
ইউএও মো. সাইদুজ্জামান বলেন, ‘নেগোসিয়েশনের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। লটারির মাধ্যমে যারা কাজ পেয়েছেন, তাঁদের বাদ দিয়ে সুজন ও তাঁর লোকজনকে কাজ ভাগ করে না দেওয়ায় মিজানুরের ওপর হামলা চালানো হয়েছে।’
কলমাকান্দা থানার ওসি মাহাবুবুর আলম বলেন, সুজনকে গ্রেপ্তারের চেষ্ট চলছে।