ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কার্যালয়ে ঢুকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা হয়েছে। গতকাল সোমবার বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠানের এক নিরাপত্তাকর্মীর নেতৃত্বে দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
হামলায় আহত ব্যক্তিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিয়ন মার্কেন্টাইল লিমিটেডের (ইউএমএল) প্রকৌশলী ফুয়াদ হাসান, প্রকৌশলী মোহাম্মদ ইমরান, স্টোরকিপার আবদুল মালেক, হিসাবরক্ষক আবদুর রহিম, ওয়েল্ডার মোহাম্মদ আজাদ। এঁদের মধ্যে আবদুল মালেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অন্যদের নগর ও পটিয়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আসলাম নামের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে। হামলার পর নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, শিকলবাহা এলাকায় পিডিবির ২২৫ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির কাজ চলছে। কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টাবরো। ওই কোম্পানির উপঠিকাদার হিসেবে কাজ করছে এ দেশীয় প্রতিষ্ঠান ইউএমএল।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত রোববার রাত সাড়ে আটটায় ওই কেন্দ্রের নিরাপত্তা সুপারভাইজার মো. আসাদ নিরাপত্তাকর্মীদের দায়িত্ব বণ্টন করেন। এ সময় নিরাপত্তা প্রহরী নুরুজ্জামান দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান। এ নিয়ে সুপারভাইজার আসাদের সঙ্গে নুরুজ্জামানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুজ্জামান সুপারভাইজার আসাদকে মারধর করেন। পরে নুরুজ্জামান দায়িত্ব পালন না করে বাড়ি চলে যান। পরদিন সকালে তিনি ১০ থেকে ১৫ জন বহিরাগত লোকসহ প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে মারধর শুরু করেন।
হামলায় আহত নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘আমি ১০টার দিকে কাজ করছিলাম। হঠাৎ দেখি পাশের কক্ষে আমার সহকর্মী ফুয়াদ হাসানকে মারধর করছে একদল লোক। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে আমার ওপর হামলা করে তারা। আমার পিঠের ভেতরে রড ঢুকিয়ে দেয় তারা। পরে শুনেছি এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।’
ইউএমএলের ঊর্ধ্বতন প্রকৌশলী বাদল সরকার প্রথম আলোকে বলেন, ‘ঘটনা ঘটেছে সুপারভাইজারদের সঙ্গে, আমাদের ওপর হামলা করল কেন, তা বুঝতে পারছি না। নিরাপত্তাহীনতার কারণে আমাদের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিরাপত্তাকর্মী নুরুজ্জামানের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসলাম নামের একজনকে আটক করা হয়েছে।