ঠিকাদারের গাফিলতিতে সেতু অব্যবহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের মনহরপুর-সিন্দুরিয়া রাস্তার মাঝে সেতু। উভয় পাশে মাটি না থাকায় সেতুটি কাজে আসে না l ছবি: অরূপ রায়
সাভারের মনহরপুর-সিন্দুরিয়া রাস্তার মাঝে সেতু। উভয় পাশে মাটি না থাকায় সেতুটি কাজে আসে না l ছবি: অরূপ রায়

নির্ধারিত সময়ে সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। তবে পাঁচ মাসেও দুই পাশের রাস্তা উঁচু করা হয়নি। সেতুর পাশ দিয়ে সরু রাস্তায় এলাকার লোকজন চলাচল করছে। ঠিকাদারের গাফিলতিতে সেতুটি ব্যবহার হচ্ছে না। ঢাকার সাভারে সিন্দুরিয়া ও মনহরপুর গ্রামের মধ্যবর্তী সড়কের এই সেতুর অবস্থান।
সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাথালিয়া ইউনিয়নের ওই দুই গ্রামের মধ্যে দূরত্ব প্রায় এক কিলোমিটার। মনহরপুর গ্রামের লোকজন যাতে সহজে সাভার ও আশুলিয়া যেতে পারে, সে জন্য বছর দেড়েক আগে সিন্দুরিয়া বড়পাড়া পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ করা হয়। রাস্তার উভয় পাশে পানির প্রবাহ সচল রাখতে গত জুলাইয়ে ওই সড়কে ২০ ফুট দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের কাজ শেষ হয়। এই প্রকল্পে বরাদ্দ ১৫ লাখ ৯১ হাজার টাকা, কাজটি পায় মেসার্স পলাশ কনস্ট্রাকশন। ইতিমধ্যে ঠিকাদার প্রায় নয় লাখ টাকা উত্তোলন করেছেন। তবে রাস্তা উঁচু না করায় লোকজন সেতুটি ব্যবহার করতে পারছে না। এ ছাড়া এক কিলোমিটারের ওই রাস্তা নিচু হওয়ায় বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। তখন চলাচল বন্ধ হয়ে যায়। এখন পানি শুকিয়ে যাওয়ায় সেতুর পাশ দিয়ে সরু রাস্তায় লোকজন চলাচল করছে।

>মনহরপুর গ্রামের লোকজন যাতে সহজে সাভার ও আশুলিয়া যেতে পারে, সে জন্য বছর দেড়েক আগে সিন্দুরিয়া বড়পাড়া পর্যন্ত কাঁচা রাস্তা নির্মাণ করা হয়

মনহরপুর গ্রামের ইদ্রিস আলী বলেন, কেনাকাটা ও প্রশাসনিক কাজের জন্য তাঁদের প্রতিনিয়তই সাভার যেতে হয়। এ জন্য তাঁদের প্রায় সাত থেকে আট কিলোমিটার পথ ঘুরতে হয়। কিন্তু সেতুসহ মনহরপুর ও সিন্দুরিয়া বড়পাড়ার মধ্যে নির্মিত রাস্তাটি ব্যবহার উপযোগী হলে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিলেই তাঁরা নয়ারহাট-সাভার সড়কে পৌঁছাতে পারতেন। সেখান থেকে যানবাহনে সহজেই চলে যেতে পারেন সাভার অথবা আশুলিয়ায়।
সিন্দুরিয়া বড়পাড়া গ্রামের শাহাব উদ্দিন ও মাদার হোসেন বলেন, মনহরপুর ও সিন্দুরিয়াসহ আশপাশের গ্রামগুলো বেশ নিচু। বর্ষাকালে এসব গ্রামের আবাদি জমি পানিতে তলিয়ে যায়। দুই থেকে আড়াই ফুট উঁচু করে রাস্তা নির্মাণ করায় তখন রাস্তাটিও পানিতে ডুবে যায়। এ কারণে লোকজন বর্ষা মৌসুমে রাস্তাটি ব্যবহার করতে পারে না।
পাথালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) ফারুক হোসেন বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে যেমন সেতু ব্যবহার করা সম্ভব হচ্ছে না, তেমনি অপরিকল্পিতভাবে রাস্তাটি নির্মাণ করায় এটিও জনসাধারণের উপকারে আসছে না।
ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান বলেন, এবার নতুন প্রকল্পের মাধ্যমে রাস্তাটি আরও উঁচু করা হবে। যাতে বর্ষাকালেও মানুষ ওই রাস্তায় চলাচল করতে পারে।
মেসার্স পলাশ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী নাসির উদ্দিন বলেন, ‘সেতুর নির্মাণকাজ শেষ হলেও পানির কারণে উভয় পাশের সংযোগ সড়ক নির্মাণ করা সম্ভব হয়নি। শিগগিরই চুক্তি অনুযায়ী কাজ শেষ করব।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) একরামুল হক বলেন, সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে পত্র দেওয়া হয়েছে। এরপরও ঠিকাদারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। নিচু রাস্তার বিষয়ে তিনি বলেন, বরাদ্দ অনুযায়ী রাস্তা নির্মাণ করা না হলে তদন্ত করে ব্যবস্থা করা হবে।