ঠিকাদারের টাকা আত্মসাৎ!
ফেনীর ফুলগাজী উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের হিসাবরক্ষক মো. মজিবুর রহমান ও হিসাব সহকারী মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় আট লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বরাবর লিখিত অভিযোগ করেছে।
সূত্র জানায়, মেসার্স এলাহী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কাজী এয়াকুব আলী ফুলগাজীর দেড়পাড়া গ্রামে একটি বিদ্যালয় ভবন নির্মাণের কাজ পান।
অভিযোগে বলা হয়, ভবন নির্মাণের সময় ঠিকাদার পর্যায়ক্রমে পাঁচটি চলতি বিলে যথাক্রমে ৮ লাখ ১০ হাজার টাকা, ১৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা, ৭ লাখ ৬৭ হাজার ৫৯৪ টাকা, ৫ লাখ ৭৬ হাজার ৭৯৫ টাকা ও ৪ লাখ ৪২ হাজার ৮০০ টাকা উত্তোলন করেন। চলতি পঞ্চম বিল দেওয়ার সময় হিসাবরক্ষক মো. মজিবুর রহমান ও হিসাব সহকারী মোহাম্মদ হোসেন বরাদ্দ কম থাকার অজুহাতে ঠিকাদারকে বিল কম দেন। ঠিকাদার বিদ্যালয় নির্মাণের কাজ শেষ করার পর প্রকৌশলীর কার্যালয়ে গেলে হিসাবরক্ষক ও হিসাব সহকারী আবারও তাঁকে বলেন বরাদ্দ পাওয়া যায়নি। একপর্যায়ে ঠিকাদার জানতে পারেন তাঁর চূড়ান্ত বিল ও সম্পূরক বিলের টাকা এরই মধ্যে তোলা হয়ে গেছে।
ঠিকাদার বলেন, কাজ শেষে চূড়ান্ত বিলের জন্য তাঁর কোনো আবেদন ছাড়াই হিসাবরক্ষক ও হিসাব সহকারী নিয়মবহির্ভূতভাবে একটি বিলে ৪ লাখ ৬৪ হাজার ৫৪৬ টাকা এবং অপর একটি বিলে ৩ লাখ ২৯ হাজার ১৯৩ টাকা তুলে আত্মসাৎ করেন।
এদিকে এ অভিযোগের পরিপ্রেক্ষিতে হিসাব সহকারী মোহাম্মদ হোসেনকে নোয়াখালীর হাতিয়ায় বদলি করা হয়।
মোহাম্মদ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি একা কিছু করিনি। সবকিছু উপজেলা প্রকৌশলী ও হিসাবরক্ষকের পরামর্শে করা হয়েছে। ওই ঠিকাদারের অংশীদারদের মধ্যে বিরোধের কারণে এমনটি ঘটেছে।’ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হিসাবরক্ষক মো. মজিবুর রহমানও প্রায় একই ধরনের কথা বলেন।
উপজেলা প্রকৌশলী এইচ মো. মনিরুল ইসলাম ভূঁঞা অভিযোগ অস্বীকার করেন।
ঠিকাদার কাজী এয়াকুব আলী বলেন, তাঁর কাজের কোনো অংশীদার নেই।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, এ ঘটনায় ৮ জানুয়ারি সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ডাকেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। সেখানে উপজেলা প্রকৌশলী এইচ মো. মনিরুল ইসলাম ভূঁঞা, হিসাবরক্ষক মো. মজিবুর রহমান ও ঠিকাদার উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক বক্তব্য দেন। তবে অসুস্থতার অজুহাতে সেখানে ছিলেন না হিসাব সহকারী।
এলজিইডির ফেনীর নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহম্মদ বলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিষয়টি তদন্ত করছেন। এ বিষয়ে তিনি আর কিছু বলতে রাজি হননি।