ঠিকাদারের বিরুদ্ধে প্রকৌশলীকে মারধর করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলার এলজিইডি কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীকে এক ঠিকাদার মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকৌশলী বলছেন, এ বিষয়ে তিনি গত রোববার সন্ধ্যায় থানায় অভিযোগ করেছেন। তবে পুলিশ বলছে, তারা অভিযোগের বিষয়ে কিছু জানে না।
ভুক্তভোগী প্রকৌশলীর নাম মো. সাইফুল ইসলাম। সাইফুল বলেন, রোববার দুপুরে মোটরসাইকেলে করে তিনি মাঠপর্যায়ে একটি কাজ দেখার জন্য যাচ্ছিলেন। কালিয়া চৌরাস্তা মোড়ে পৌঁছালে ঠিকাদার তাপস বিশ্বাস ও তাঁর পাঁচ-ছয়জন সঙ্গী সাইফুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করেন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। তিনি সেখানে চিকিৎসা নিতে ভর্তি হয়েছিলেন। কিন্তু একজন প্রভাবশালী ব্যক্তি রাতেই হাসপাতাল থেকে তাঁকে বের করে দিয়েছেন। অথচ তিনি খুব অসুস্থ। তাঁর হাসপাতালে ভর্তি থাকার দরকার ছিল।
হাসপাতালের একটি সূত্র বলেন, ওই প্রকৌশলী হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই চলে গেছেন।
সাইফুল বলেন, ওই ঠিকাদারের একটি বিল নড়াইলের নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে পাঠানো হয়। সে বিলের সঙ্গে একটি কাগজ জমা দিতে ভুল হয়ে গিয়েছিল। তাই বিল পেতে তাঁর দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত ছিলেন।
তাপস বিশ্বাস গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, ওই বিলের সঙ্গে একটি কাগজ না দেওয়ার বিষয় নিয়ে প্রকৌশলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। কিন্তু মারধরের কোনো ঘটনা ঘটেনি।
সাইফুল ইসলাম গতকাল সোমবার দুপুরে বলেন, মারধরের ঘটনায় রোববার সন্ধ্যায় তিনি কালিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনা নিয়ে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন।
তবে কালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া গতকাল দুপুরে বলেন, তিনি এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
নড়াইলের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ গতকাল সোমবার বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। তাঁরা মামলা করতে বলেছেন। তাই রোববার রাতেই থানায় অভিযোগ দেওয়া হয়েছে।