ঠিকাদারের বিরুদ্ধে বিদ্যালয়ের ভবন বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধি লঙ্ঘন করে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের ১ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পুরোনো টিনশেড ভবন ভেঙে এর যাবতীয় মালামাল এক ঠিকাদার বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকেরা এই অভিযোগ করেছেন।
এলাকাবাসী, সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫-৩০ বছর আগে ওই বিদ্যালয়ে দুটি টিনশেড ভবন নির্মাণ করা হয়। ভবনগুলো পুরোনো হয়ে যাওয়ায় ও শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায় এলজিইডির অধীনে ২০১৩ সালে ওই বিদ্যালয়ের জন্য নতুন একটি দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১৩ সালের জুন মাসে ওই ভবন নির্মাণের কাজ পায় আনোয়ারা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। আনোয়ারা এন্টারপ্রাইজের মালিক মাঈন উদ্দিন ওই বিদ্যালয়ের উত্তর পাশের টিনশেড ভবনটি ২০১৩ সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে ভেঙে এর যাবতীয় মালামাল তিনি নিয়ে যান। ২০১৫ সালের জুন মাসের মাঝামাঝি ওই বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শেষ হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, পুরোনো এ ভবনটির দাম ন্যূনতম পাঁচ লাখ টাকা। নীতিমালা অনুযায়ী সরকারি পুরোনো কোনো ভবন ভেঙে ফেলার আগে তা নিলাম দরপত্র আহ্বান করতে হয়। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই ঠিকদার এ অনিয়ম করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।
প্রধান শিক্ষক শাহজাহান কবীর বলেন, ‘বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভেঙে ফেলার সময় ঠিকাদার মাঈন উদ্দিন আমাকে বলেছিলেন, তিনি নিলাম ডাকের মাধ্যমে ভবনটি ভেঙে ফেলার অনুমতি পেয়েছেন। আমি সরল বিশ্বাসে এ-সংক্রান্ত কাগজপত্র দেখিনি। মাস খানেক আগে জেনেছি, এই ভবনটির নিলাম ডাক অনুষ্ঠিত হয়নি। ঠিকাদার আমার সঙ্গে এ নিয়ে প্রতারণা করেছেন। এ নিয়ে আমি তখনই ইউএনও স্যার ও উপজেলা প্রকৌশলীর কাছে মৌখিকভাবে অভিযোগ দিয়েছি।’
এ বিষয়ে ঠিকদার মাঈন উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তৎকালীন ইউএনও এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই এই বিদ্যালয়ের পুরোনো ভবনটি ভেঙেছি। পরে তাঁদের কথামতো উপজেলা পরিষদ এলাকায় একটি ঘরও নির্মাণ করে দিয়েছি। এ ছাড়া এই ভবনের অবশিষ্ট মালামাল লোকজন চুরি করে নিয়ে গেছে।’
উপজেলার তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বর্তমানে শেরপুরের নকলা উপজেলায় কর্মরত) মো. ওয়াহেদ আলী বলেন, ঠিকাদার এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা করেননি। ভবনটি ভাঙার অনুমতিও তিনি তাঁকে দেননি।
উপজেলা প্রকৌশলী নূরুল আলম চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলাম কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলাম কমিটির সদস্যসচিব। তাঁদেরই পুরোনো ভবন নিলামের দরপত্র আহ্বান করার কথা। আমি ওই কমিটির একজন সদস্য মাত্র। এই বিদ্যালয়ের পুরোনো ভবন কী হয়েছে, সে সম্পর্কে আমার কিছুই জানা নেই।’
ধরমপাশা উপজেলার তৎকালীন ইউএনও মোহাম্মদ খালেদুর রহমান বলেন, ‘পুরোনো ভবন ভেঙে ফেলার জন্য ঠিকদারকে কোনো অনুমতি দেওয়া হয়নি। এ ছাড়া আমার ও তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে এই ভবনের মালামাল দিয়ে উপজেলা পরিষদ এলাকায় ঘর নির্মাণ করে দেওয়ার অভিযোগটিও ভিত্তিহীন।’
বর্তমান ইউএনও মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘নিলাম দরপত্র আহ্বান ছাড়া সরকারি কোনো ভবন ভেঙে ফেলার কারও কোনো এখতিয়ার নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখব।’