ডলার কিনতে এসে প্রতারণার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সস্তায় ডলার কিনতে এসে অনেকে প্রতারক চক্রের ফাঁদে পড়ছেন। এ চক্রের সদস্যরা পুলিশ সেজে ক্রেতাদের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী চারজন ও এলাকার ১০-১২ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের এনামুল হকের নেতৃত্বে ওই গ্রামে একটি চক্র গড়ে সস্তায় ডলার কেনার লোভ দেখিয়ে লোকজনকে ওই গ্রামে নিয়ে আসেন। এরপর পুলিশ সেজে ডলার কিনতে আসা লোকজনের কাছ থেকে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন।
২ অক্টোবর কুড়িগ্রাম থেকে ডলার কিনতে আসা আতাউর রহমানসহ তিনজনের কাছ থেকে ওই চক্রের সদস্যরা ৫ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আতাউর রহমান মুঠোফোনে বলেন, প্রতারক দলের লোকজন পুলিশের পোশাক ছাড়াও হাতকড়া ও পিস্তল সঙ্গে নেন। দেখে বোঝার উপায় নেই যে তাঁরা আসল পুলিশ নন। পরে জানতে পারেন তাঁরা আসল পুলিশ নন। বিষয়টি তিনি তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছেন।
ওই গ্রামে ডলার কিনতে এসে প্রতারণার শিকার আরও দুজন বলেন, তাঁরা ৫০ টাকায় এক ডলার কিনেছেন। প্রথমে নমুনা হিসেবে কম দামে ডলার দিয়ে প্রতারকেরা ক্রেতার আগ্রহ বাড়িয়ে তোলেন। পরে বেশি ডলার কিনতে লক্ষ্মীপুর গ্রামে গেলে ওই চক্রের সদস্যরা পুলিশের পোশাক পরে ডলার ও মূল্যবান জিনিস কেড়ে নিয়ে তাড়িয়ে দেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের নয়া মিয়া বলেন, তিনি রংপুর শহরে এক রিকশাচালকের কাছ থেকে কম দামে ডলার কেনার কথা জানতে পারেন। পরে দুই বন্ধুকে নিয়ে চার লাখ টাকার ডলার কিনতে এ বছরের ২০ জানুয়ারি লক্ষ্মীপুর গ্রামে আসেন। রিকশাচালকের দেওয়া ঠিকানা মোতাবেক পৌঁছাতেই এনামুল হক তাঁকে ডলার করে দেন। এরপর রাস্তায় গেলে সাত-আটজন পুলিশ এসে তাঁদের হাতে হাতকড়া পরিয়ে মারধর করে। সঙ্গে থাকা সব ডলার ও মুঠোফোন কেড়ে নেয়। ওই ঘটনায় ২১ জানুয়ারি তিনি এনামুল হকসহ ১২ জনকে আসামি করে তারাগঞ্জ থানায় মামলা করেন। কিন্তু টাকা ফেরত পাননি।
এ বিষয়ে গত মঙ্গলবার রাহুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী লিপি বেগম বলেন, এনামুলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, প্রতারণার অভিযোগে জানুয়ারি মাসে করা এক মামলায় এনামুলের কারাদণ্ড হয়। জামিনে বেরিয়ে এসে আবারও ডলার বিক্রির নামে লোকজনের সঙ্গে প্রতারণা শুরু করেছেন। খুব শিগগিরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।