ডলার দিয়ে প্রতারণার অভিযোগে পাঁচ ব্যক্তি গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলায় ডলার দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের কাজীপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজীপাড়ার দুলাল (৩৩), দেওগ্রামের তোতা মিয়া (৩৫), নূর মোহাম্মদ (৩৫), বফলগাড়ী গ্রামের আকরাম (৫২) ও সড়াইল গ্রামের মুছা (৪৩)। তাঁদের কাছ থেকে ডলার ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
জয়পুরহাট র্যাব-৫-এর কার্যালয় থেকে জানা গেছে, গতকাল বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে কালাই উপজেলা সদরের কাজীপাড়ার দুলালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ১৫২ ডলারসহ ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম জানান, প্রতারক চক্রটি ডলারের মাপে সাদা কাগজ কেটে বান্ডিল করে। এর ওপর ও নিচে দুটি ডলার রেখে স্থানীয় লোকজনের কাছে ডলারের বান্ডিল হিসেবে বিক্রি করে আসছিল। র্যাবের জিজ্ঞাসাবাদে ওই পাঁচ ব্যক্তি তাঁদের অপরাধ স্বীকার করেন। মামলা করে তাঁদের কালাই থানায় হস্তান্তর করা হবে।