ডলারসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল চেকপোস্ট থেকে ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার এবং ১০ হাজার বাংলাদেশি টাকাসহ একজনকে আটক করা হয়েছে। তাঁর নাম আওলাদ হোসেন (৩৯)। তিনি ভারত থেকে দেশে ফিরছিলেন। তাঁর বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা হয়েছে।

আজ বুধবার সকালে বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে তল্লাশিচৌকি থেকে আওলাদকে আটক করা হয়। তিনি ঢাকার কেরানীগঞ্জের বালুরচর গ্রামের আবদুল করিমের ছেলে।

বিজিবি জানিয়েছে, ভারত থেকে বুধবার সকালে আওলাদ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসেন। তিনি অভিবাসন ও শুল্ক বিভাগের প্রক্রিয়া শেষ করে সকাল সাড়ে সাতটার দিকে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে তল্লাশিচৌকিতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে এ সময় তাঁকে আটক করা হয়। তাঁর ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ৫০০ মার্কিন ডলার এবং ১০ হাজার বাংলাদেশি টাকা পাওয়া যায়।

৪৯ বিজিবি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবুল কাসেম বলেন, আওলাদ হোসেন একজন হুন্ডি ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় মুদ্রা পাচার আইনে মামলা হয়েছে। আওলাদকে থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা ডলার ও টাকা থানায় জমা দেওয়া হবে।