ডলারের জন্য রিকশাচালক খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের টাকা না পেয়ে রাজধানীর এক রিকশাচালককে নৃশংসভাবে খুন করা হয়েছে। খুনের দায় স্বীকার করে দুই তরুণ আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই খুনের সঙ্গে আরও নয়জন জড়িত বলেও জানিয়েছেন তাঁরা।

খুনের শিকার ওই রিকশাচালকের নাম সহির আলী ওরফে শহীদ (৪০)। জামালপুরের দেওয়ানগঞ্জ থানার চর বাহাদুরাবাদ গ্রামের বাসিন্দা তিনি। গত ২৮ ডিসেম্বর সহির অপহৃত হন। দুদিন পর তাঁর লাশ সিদ্ধেশ্বরীর একটি বাসা থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় সহিরের ছোট ভাই আবদুর রশিদ রমনা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সহির খুনের মামলায় গ্রেপ্তার করা হয় তিন তরুণকে। তাঁদের একজন হলেন সামিউল হক ওরফে সামি (১৯)। তাঁর বাড়ি ফেনীর বনদোয়া খিলপাড়া এলাকায়। থাকতেন সিদ্ধেশ্বরী লেনে। তাঁদের বাসা থেকেই সহিরের লাশ উদ্ধার করা হয়। ৭ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এখন কারাগারে আছেন। তাঁর বন্ধু নিজদান হাসান শুভ (১৯) আজ সোমবার আদালতে জবানবন্দি দেন। শুভর বাড়ি নোয়াখালীর কবিরহাটের চাপারাশির হাট এলাকায়। ঢাকায় কদমতলীর চেয়ারম্যান বাড়ি তিতাস গ্যাস রোড এলাকায় থাকতেন তিনি। গ্রেপ্তার অন্যজন হলেন আমিনুল ইসলাম বাবু (২৪)। তাঁকে সোমবার দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তা দীপক কুমার দাস প্রথম আলোকে বলেন, সহির খুন হয়েছেন ডলারের জন্য। তিনি (সহির) দাবি করতেন তাঁর কাছে ডলার আছে। জামালপুরে থাকা তাঁর এক বোনের কাছেও ডলার আছে। ডলার আছে—এমন তথ্য জেনে তাঁকে অপহরণ করা হয়। পরে সিদ্ধেশ্বরীর একটি বাসায় আটকে রেখে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ চায় অপহরণকারীরা। মুক্তিপণ না পেয়ে মারধরের পর বাসার ছাদ থেকে ফেলে দিয়ে সহিরকে হত্যা করা হয়। অপহরণ ও খুনে অন্তত ১১ জন তরুণ জড়িত। তাঁদের বেশির ভাগেরই বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্য। কেউ কেউ পড়াশোনাও করেন।

মামলার বাদী সহিরের ভাই রশীদ প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি চাচাতো ভাই আফসার আলীর মুঠোফোনে ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ চান। পরে অপহরণকারীদের সঙ্গে তিনি (রশীদ) নিজে ফোনে কথা বলেন। তারা দেড় লাখ টাকা দাবি করে। গরিব মানুষ দেড় লাখ টাকা কোথায় পাব বললে অপহরণকারীরা হুমকি দেয়, টাকা না পাঠালে সহিরকে খুন করবে। একপর্যায়ে টাকা পাঠানোর জন্য বিকাশ নম্বর চাইলে অপহরণকারীরা মোবাইল ফোন বন্ধ করে দেয়।

রশিদ বলেন, তিন ছেলের বাবা সহির খিলগাঁও এলাকায় আবদুল মান্নানের গ্যারেজের রিকশা চালাতেন। ঢাকায় পনেরো থেকে বিশ দিন রিকশা চালানোর পর তিনি জামালপুরে যেতেন। ডিসেম্বরের মাঝামাঝি সময় গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন সহির।