ডলির ভাইকে আটক করেছে র্যাব, পুলিশ বলছে সম্পৃক্ততা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মগবাজারে গৃহবধূ ডলি রানী বণিককে (৪৫) হত্যায় যুক্ত সন্দেহে তাঁর বড় ভাই অশোক কুমার বণিককে গত রোববার সকালে আটক করেছে র‌্যাব। যদিও গতকাল সোমবার পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি। রোববার রাতেই তাঁকে রমনা থানার পুলিশের কাছে হস্তান্তর করে র্যা ব। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে অশোকের যুক্ততা এখন পর্যন্ত মেলেনি।
৮ নভেম্বর সন্ধ্যায় মগবাজারের মধুবাগের উজ্জীবন গলির একটি বাসার চতুর্থ তলায় ডলি রানী বণিকের গলাকাটা লাশ পাওয়া যায়।
র‌্যাব-৩-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার গোলাম সারোয়ার বলেন, ডলির বড় ভাই অশোক কুমার। ছোট বোনের কাছ থেকে আট লাখ টাকা ধার নিয়ে মাল্টিপ্ল্যান্ট নামের একটি এমএলএম কোম্পানিতে বিনিয়োগ করেন। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ হয়। ওই হত্যাকাণ্ডে অশোক কুমারের সম্পৃক্ততা প্রমাণের মতো চূড়ান্ত কোনো প্রমাণ বা আলামত র‌্যাবের হাতে নেই। তবে ডলির পরিবারের সদস্যরা অশোককে হত্যায় জড়িত বলে সন্দেহ করেন। সেই সন্দেহের ভিত্তিতেই র‌্যাব তাঁকে গ্রেপ্তার করে।
গত রোববার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ডলির বড় ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল বণিক র‌্যাবকে জানিয়েছেন, ঘটনার সময় তাঁর মা একাই ফ্ল্যাটে ছিলেন। তাঁর বাবা সজল বণিক ২০০৭ সাল থেকে মালয়েশিয়াপ্রবাসী। মামা অশোক কুমার পাঁচ-ছয় বছর আগে তাঁর মায়ের কাছ থেকে আট লাখ টাকা ধার নেন। নিজের এবং জামাতার সঞ্চিত টাকা থেকে ডলি ভাইকে এই টাকা ধার দিয়ে সাহায্য করেন। পরে তিনি সেই টাকা দিতে টালবাহানা করায় দুই পরিবারের মধ্যে বিরোধ হয়।
র‌্যাব জানায়, হত্যার তদন্তে অর্থনৈতিক লেনদেনের বিষয়টি গুরুত্ব পায়। আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বোনের সঙ্গে আর্থিক লেনদেনের কথা স্বীকার করে অশোক কুমার বলেন, ২০১০ সালে তিনি ওই টাকা একটি এমএলএম কোম্পানিতে বিনিয়োগ করেন। সম্প্রতি এই টাকা নিয়ে সম্পর্ক আরও খারাপ হয়। তবে অশোক কুমার এখন পর্যন্ত হত্যাকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেননি।
র‌্যাবের একজন কর্মকর্তা জানান, একসময় সরকারি চাকরিতে থাকা অশোক কুমার স্বাধীনতার পরপর চাকরি ছেড়ে বিভিন্ন সময় নানা ব্যবসা করেছেন। তবে খুব বেশি সফল হতে পারেননি। তা ছাড়া পরিবারের বড় হিসেবে তাঁর দায়িত্ব আর খরচও ছিল বেশি। ডলির ছেলেমেয়েরা ছাড়াও এখন ওই পরিবারের অনেকে এ হত্যাকাণ্ডের জন্য অশোককে সন্দেহ করছেন বলে র‌্যাবকে জানিয়েছেন।
তবে রমনা থানার পুলিশ জানিয়েছে, অশোক কুমারকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সে রকম কোনো সম্পৃক্ততা তারা পায়নি। গত রোববার সকালে আটকের পর রাতে অশোককে পুলিশের কাছে হস্তান্তর করেছিল র‌্যাব।