ডা. মিলন হত্যার বিচারে ব্যর্থতা কাদের স্বার্থে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ডা. শামসুল আলম খান মিলনের মা সেলিনা আখতার বলেছেন, তাঁর ছেলের হত্যার বিচার না হওয়ায় তিনি লজ্জিত বোধ করেন। জাতি হিসেবে বিবেকবিবর্জিত মনে হয়। তাঁর প্রশ্ন, এই হত্যার বিচার করতে সরকারগুলো কেন ব্যর্থ হলো, কাদের স্বার্থে এই ব্যর্থতা? শহীদের আত্মা কি তাদের ক্ষমা করবে?
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কদ্বীপে শহীদ ডা. মিলন সংসদ আয়োজিত ‘গণ-অভ্যুত্থান: শহীদ ডা. মিলন দিবস ২০১৪’ শীর্ষক আলোচনা সভায় সেলিনা আখতার এসব কথা বলেন। তিনি আরও বলেন, ’৯০-পরবর্তী সরকারগুলোর ব্যর্থতার কারণে এ দেশে গণতন্ত্র ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ফলে মিলনের মতো যাঁরা সংগ্রাম করে প্রাণ দিয়েছেন, তাঁদের চাওয়া এখনো বাস্তবায়ন হতে পারেনি।
১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে ঘাতকের গুলিতে নিহত হন ডা. মিলন। তাঁর মৃত্যুর পর আন্দোলন নতুন মাত্রা পায়। সেই থেকে প্রতিবছর দিনটি শহীদ ডা. মিলন দিবস হিসেবে পালিত হচ্ছে।
আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশ এখনো ঝুঁকির মধ্যে রয়ে গেছে। এ দেশ এখনো জঙ্গি ও মৌলবাদের বিপদ থেকে মুক্ত হতে পারেনি। বরং গণতন্ত্রের মুখোশ পরা কোনো কোনো দল এদের পৃষ্ঠপোষকতা করছে। তিনি বলেন, মিলন হত্যার বিচার হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কর্নেল তাহেরের হত্যাকারী চিহ্নিত হয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, রাজনীতি থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় করলে গণতন্ত্র সুরক্ষিত হবে। কেননা, বেগম জিয়া মৌলবাদী, জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা করছেন। খালেদা জিয়াই দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক ও হুমকি।
অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কর্নেল আবু তাহেরের স্ত্রী সাংসদ লুৎফা তাহের, অধ্যাপক এম এম আকাশ, চিকিৎসক নেতা ইকবাল আর্সলান, মোশতাক হোসেন, মাহবুবুর রহমান, মুনীর উদ্দিন আহমেদ প্রমুখ।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, ডা. মিলনের সমাধি ও স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন প্রভৃতি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ ছাত্রলীগ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি পৃথক কর্মসূচি পালন করে।