ডাইং কারখানায় এলাকাবাসীর হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি কারখানায় অবৈধভাবে কমপ্রেশার মেশিন বসিয়ে গ্যাস টেনে নেওয়ার অভিযোগে এলাকাবাসী গতকাল রোববার ওই কারখানায় হামলা ও ভাঙচুর করেছে।
এলাকাবাসী সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ভিবজিওর নিট কম্পোজিট ডাইং কারখানায় উচ্চক্ষমতাসম্পন্ন কমপ্রেশার মেশিন বসিয়ে অবৈধভাবে গ্যাস টেনে নিচ্ছে। এ কারণে কারখানা চলাকালে আশপাশের গ্রাহকেরা ঠিকমতো গ্যাস পান না। এতে রান্নার কাজে ব্যাঘাত ঘটায় অনেকেই সময়মতো খাবার খেতে পারছেন না। এ ব্যাপারে স্থানীয় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম তিতাস গ্যাস কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্তে তিতাস কর্তৃপক্ষের লোকজন গতকাল দুপুরে কারখানায় গেলেও কোনো সমাধান না দিয়ে চলে যান। এ কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কারখানায় হামলা চালায় ও ভাঙচুর করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগ এনে এলাকাবাসী মাইকে প্রচার চালিয়ে লোক জড়ো করে হামলা ও ভাঙচুর করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভিবজিওর ডাইং কারখানার আইনবিষয়ক উপদেষ্টা হাবিবুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ব্যাংকঋণের মাধ্যমে ৫০ কোটি টাকার প্রকল্প করে আট বছর যাবৎ ব্যবসা চলছে। এখানে এলাকার দুই শতাধিক লোক কাজ করছে। কিছু লোক এলাকাবাসীকে ভুল বুঝিয়ে লোকজন জড়ো করে হামলা চালিয়ে কারখানা ভাঙচুর করেছে।’
তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক আবু রায়হান বলেন, অবৈধ-সংযোগের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তে লোক পাঠানো হয়েছে। কিন্তু তদন্তে কারখানায় কোনো অবৈধ সংযোগ পাওয়া যায়নি।