ডাইনিংয়ে খেতে ছাত্রলীগের মানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবিরুনী হলের (মূল ভবন) প্রথম বর্ষের ছাত্রদের ডাইনিংয়ে খেতে নিষেধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সঙ্গে তাঁদের ক্যানটিনে খেতে নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে ক্যানটিন মালিকের পাওনা টাকা পুষিয়ে দিতে এটা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পাঠদান শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি থেকে। এ জন্য ২৫ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীরা প্রশাসনের মাধ্যমে বরাদ্দ পাওয়া নিজ নিজ আবাসিক হলে উঠতে শুরু করেছেন। আলবিরুনী হলে আসন বরাদ্দ পেয়েছেন বিভিন্ন বিভাগের ১৪৭ জন শিক্ষার্থী। আসন-সংকটের কারণে প্রথম বর্ষের কিছু শিক্ষার্থী হলের ডাইনিং কক্ষের ওপরে দ্বিতীয় তলায় সবচেয়ে বড় কক্ষটিতে একত্রে অবস্থান করেন। কক্ষটি শিক্ষার্থীদের কাছে ‘গণরুম’ নামে পরিচিত। ইতিমধ্যে ৫৭ জন শিক্ষার্থী গণরুমে উঠেছেন। কিন্তু এখন পর্যন্ত সেখানে নিয়মিতভাবে অবস্থান করছেন প্রায় ৪০ জন শিক্ষার্থী।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি থেকেই হল শাখা ছাত্রলীগের কর্মীরা শিষ্টাচার শেখানোর নামে রাতে গণরুম পরিদর্শনে যাওয়া শুরু করেছেন। পরিদর্শনের সময় তাঁরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিভিন্ন নির্দেশনা দেন। সেই নির্দেশনার অংশ হিসেবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলের ডাইনিংয়ে খেতে নিষেধ করেছেন তাঁরা। একই সঙ্গে তাঁদের ক্যানটিনে খেতে নির্দেশ দেন তাঁরা। তবে যাঁরা আর্থিকভাবে অসচ্ছল, তাঁদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল করা হয়েছে।
সাধারণত ডাইনিংয়ে দুপুর ও রাতে খাওয়ার ব্যবস্থা থাকে। প্রতি বেলায় ২০ টাকার কুপনে মূল্য পরিশোধ করে খাবার খেতে হয় ছাত্রদের। কিন্তু ক্যানটিনে খেতে শিক্ষার্থীদের এর চেয়ে বেশি টাকা খরচ করতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, হলের ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী টাকা না দিয়ে নিয়মিত ক্যানটিন থেকে খাবার খান। এর ফলে ক্যানটিনের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। আর তা পুষিয়ে দেওয়ার জন্য প্রথম বর্ষের ছাত্রদের ক্যানটিনে খাওয়ার নির্দেশ দেন হল ছাত্রলীগের নেতা-কর্মীরা।
হলের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের এভাবে চাপ প্রয়োগ করে ক্যানটিনে খেতে বাধ্য করা অন্যায়।
জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি মহব্বত আমিন বলেন, এ রকম হওয়ার কথা নয়। যদি হয়ে থাকে, তবে যাঁরা এমন নির্দেশ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হলের প্রাধ্যক্ষ এ কে এম জসীম উদ্দীন গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমি অভিযোগ শুনেছি। রাতে এটা নিয়ে আমরা আলোচনা করব এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।’