ডাইনিংয়ে পচা আলু, বিক্ষোভে পালালেন পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের ডাইনিংয়ে ও ক্যানটিনে শিক্ষার্থীদের জন্য পচা আলু দিয়ে রান্না করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ শুক্রবার হলের শিক্ষার্থীরা ওই ডাইনিংয়ের সামনে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে পালিয়ে যান ডাইনিং ও ক্যানটিনের দুই পরিচালক।

হল সূত্র জানায়, আজ শুক্রবার সকালে হলের ডাইনিংয়ের দরজা বন্ধ করে শিক্ষার্থীদের খাবারের জন্য পচা আলু কাটছিলেন কয়েকজন কর্মচারী। বিষয়টি জানালা দিয়ে এক শিক্ষার্থী দেখে ফেলেন। পচা আলু দিয়ে রান্নার খবর পুরো হলে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা ডাইনিংয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। ডাইনিংয়ের পাশে থাকা ক্যানটিনের সামনে গিয়েও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভের একপর্যায়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যান ডাইনিংয়ে পরিচালক হাসেম আলী ও ক্যানটিনের পরিচালক কাসেম পালিয়ে যান। এরপর প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ডাইনিং ও ক্যানটিনে অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশন করা হচ্ছে। এতে অনেকেই অসুস্থও হয়ে পড়েন। বিষয়টি হল প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ডাইনিং ও ক্যানটিনে গিয়ে দেখা যায়, সেখানে রান্না ঘরের পাশে আলুর স্তূপ। অধিকাংশই পচা।
এ ব্যাপারে সৈয়দ আমীর আলী হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, যারা পচা ও বাসি খাবার পরিবেশন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।