ডাউকীর বুকে আবার সেতু!
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ডাউকী নদীর বুকে আবার সেতু নির্মাণ করেছেন পাথর ব্যবসায়ীরা। শুষ্ক মৌসুমে নদীর অধিকাংশ স্থান শুকিয়ে যাওয়ায় কোয়ারি থেকে পাথর পরিবহনের সুবিধার্থে এ সেতু নির্মাণ করে এক মাস ধরে চলাচল করছে পাথরবাহী ট্রাক। সেতু পারাপারে ট্রাকপ্রতি টাকা আদায় করছেন সেতু তদারকির দায়িত্বে থাকা পাথর ব্যবসায়ী নিয়োজিত লোকজন।
ভারতের ডাউকী এলাকা থেকে বাংলাদেশে নেমে আসা নদীর নাম ডাউকী। সিলেটের জাফলংয়ে এ নদীর একাংশ পিয়াইন নদের সঙ্গে মিলিত হয়ে গোয়াইন নদ হয়ে বিভিন্ন নদীর সঙ্গে মিলেছে। বর্ষায় এ নদী দিয়ে পাহাড়ি ঢল নেমে প্রমত্তা রূপ ধারণ করলেও শুষ্ক মৌসুমে শুকিয়ে যায়। ডাউকীর উৎসমুখের একাংশ পাথর কোয়ারি হওয়ায় নদীতীর খোঁড়াখুঁড়ি করে চলে পাথর উত্তোলন। শুষ্ক মৌসুমে ওই পাথর পরিবহনে নৌকা ও ট্রাক ব্যবহার করতে হয়। এতে পাথর পরিবহন খরচ দুই দফা ও সময়সাপেক্ষ হওয়ায় ব্যবসায়ীরা ডাউকীর বুকে নানা রকম স্থাপনা নির্মাণ করে পাথর পরিবহন করেন।
২০১১ সালের শুষ্ক মৌসুমে ‘জাফলং বাল্লাঘাট বহুমুখী সমবায় সমিতি’ ডাউকী নদীর বুকে স্টিলের পাটাতন দিয়ে সেতু নির্মাণ করেছিল। ওই বছরের ১৮ ডিসেম্বর প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে উচ্চ আদালতের নির্দেশ পরে সেটি উচ্ছেদ করা হয়। দুই বছর পর ২০১৪ সালের শুষ্ক মৌসুমে সেই সেতুর জায়গায় নির্মাণ করা হয় রাস্তা। প্রায় হাঁটুসমান পানির মধ্যে ওই রাস্তার নাম পড়েছিল ‘ডুব রাস্তা’। ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি প্রথম আলোয় আরেকটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়। পরদিন পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়।
সম্প্রতি সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ৮ জানুয়ারি থেকে ওই সেতু নির্মাণ করা হয়। ১৫ জানুয়ারি থেকে সেতু দিয়ে পাথরবাহী ট্রাক চলাচল শুরু হয়। কোয়ারিতে পাথর উত্তোলনের সঙ্গে সম্পৃক্ত পাথর ব্যবসায়ীরা সেতু তৈরির টাকা দেন। নির্মাণ শেষে খরচ হওয়া টাকা তুলতে ট্রাকপ্রতি ৫০ থেকে ১৫০ টাকা করে আদায় করা হচ্ছে।
জাফলংয়ে পাথর ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন জানান, প্রায় চার বছর আগে সেতু গুটানো ও দুই বছর আগে রাস্তা করে আবার উচ্ছেদ অভিযানের মুখে পড়ায় এবার সেতু নির্মাণে কৌশল অবলম্বন করা হয়েছে। এবার পাথর ব্যবসায়ী কোনো সংগঠনের নাম ব্যবহার না করে ‘ব্যক্তিগত’ উদ্যোগ ও অস্থায়ী কথার প্রচার দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, সেতু হওয়ায় ডাউকীর শুকনো জলধারায় সরাসরি নৌকা চলাচল বন্ধ রয়েছে। সেতুর এক পাশে ২০-২৫টি নৌকা বাঁধা দেখা গেছে। একজন নৌকাশ্রমিক জানান, সেতু হওয়ার আগে কোয়ারি থেকে উত্তোলন করা পাথর নৌকা দিয়ে পরিবহন হতো। এতে সময় বেশি ও উত্তোলিত পাথর ট্রাকে তুলতে দুই দফা খরচ হতো। খরচ ও সময় কমাতেই সেতু দেওয়া হয়েছে।
সেতু পারাপারের সময় একটি ট্রাক থেকে টাকা রাখার সময় একজন তদারককারীও এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘এটি বড় জোর তিন মাস চলব। এরপর আর থাকত না। পাথর পরিবহনের স্বার্থে বিষয়টা প্রশাসনকে জানিয়ে করা হয়েছে।’
ডুব রাস্তা উচ্ছেদের পর এবার সেতু—এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি আমাদের কেউ জানায়নি। যেহেতু পরিবেশ অধিদপ্তর উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিত অভিযান চালায়, তাই এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
যোগাযোগ করলে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নদী শুকিয়ে যাক বা ভরা থাক, আইনত নদীতে কোনো ধরনের স্থাপনা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এ রকম সেতু করার বিষয়ে উপজেলা প্রশাসন কোনো অনুমতি দিতেও পারে না। ঘটনাটি আমি শুনেছি, সরেজমিন গিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’