ডাকঘরে চুরি গেল 'জমি' বিক্রির টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার বিয়ারা গ্রামের বৃদ্ধ আজিজল মণ্ডল (৭১) জমি বিক্রির এক লাখ টাকা দিয়ে মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কিনতে এসেছিলেন জেলার প্রধান ডাকঘরে। কিন্তু টাকা আর জমা দিতে পারলেন না, চোরের কবলে পড়ে হারালেন পুরো টাকা। গতকাল রোববার দুপুরে চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃদ্ধ আজিজল মণ্ডলের ভাষ্য, তাঁর স্ত্রীর নামের জমি বিক্রি করে পাওয়া এক লাখ টাকায় মাসিক মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র কেনার জন্য গতকাল দুপুরে তিনি সিরাজগঞ্জের প্রধান ডাকঘরে যান। বাজারের প্লাস্টিক ব্যাগে টাকাগুলো রাখা ছিল। ডাকঘরের মধ্যে হেল্প ডেস্কে দাঁড়িয়ে টাকা জমা দেওয়ার ফরম পূরণ করছিলেন তিনি। এ সুযোগে চোর ব্লেড দিয়ে ব্যাগ কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনা বুঝতে পেরে তিনি চিৎকার শুরু করেন। এ সময় ডাকঘরে কর্মরত লোকজন এলেও চোরকে আটক করতে ব্যর্থ হন তাঁরা। জমি বিক্রির এই টাকাটা শেষ সম্বল বলে জানালেন তিনি।
এ বিষয়ে সিরাজগঞ্জের সহকারী পোস্টমাস্টার জেনারেল আবদুল আজিজ বলেন, টাকা উদ্ধারের জন্য পুলিশের কাছে সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি হস্তান্তর করা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আজিম উদ্দীন বলেন, সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি খুব একটা পরিষ্কার নয়। তবু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। দ্রুতই অপরাধীকে শনাক্ত করা সম্ভব হবে বলে জানান তিনি।