ডাকবাংলোর জমি ইজারা নিয়ে চলছে ভবন নির্মাণ
ভোলা জেলা পরিষদের ডাকবাংলোর জমি ইজারা নিয়ে সেখানে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আকন্দ ভবন নির্মাণ করছেন। অভিযোগ উঠেছে, ভোলা জেলা পরিষদের প্রধান নির্বাহী শওকত ইকবাল উৎকোচের বিনিময়ে জয়নাল আবেদীনকে ডাকবাংলোর জমি ইজারা দিয়েছেন।
ভোলা জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে চরফ্যাশন উপজেলার জিন্নাগড় মৌজার ৭৩ শতাংশ জমিতে ডাকবাংলোটি নির্মাণ করা হয়। সে সময় এর চার দিকে সীমানাপ্রাচীরও দেওয়া হয়। গত বছর প্রায় তিন শতাংশ জমি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনকে ইজারা দেওয়া হয়। গত জুনে তিনি প্রাচীর ভেঙে জমির দখল নেন। এখন সেখানে তিনতলা ভবন নির্মাণের কাজ শুরু করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, চেয়ারম্যান জয়নালের কাছ থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী এ বি এম শওকত ইকবাল ও তাঁর লোকজন মোটা অঙ্কের ঘুষ নিয়ে জমিটি ইজারা দেন। এমনকি তাঁকে জমি বুঝিয়ে দিতে সীমানাপ্রাচীর ভেঙে নতুন করে নির্মাণের জন্য দুই লাখ টাকার দরপত্র আহ্বান করা হয় পরিষদ থেকে। ঠিকাদার জাকির সোলাইমানের নামে কাজটি নিয়ে চেয়ারম্যান জয়নালই নিজেই তা করেছেন।
গত ১৭ জুন সরেজমিনে দেখা যায়, বাংলোর দক্ষিণ-পূর্ব দিকের তিন শতাংশ জায়গা ছেড়ে ভেতরের দিকে আবার প্রাচীর নির্মাণ করা হয়েছে। নতুন প্রাচীর ঘেঁষে ভবন নির্মাণ করা হচ্ছে। শ্রমিকদের ভাষ্য, চেয়ারম্যান তিনতলার ভিত্তি গেঁথে ভবন নির্মাণ করছেন। এখানে মার্কেট হবে।
জয়নাল আবেদীন প্রাচীরের ঠিকাদারি পাওয়া এবং ঘুষ দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগের নেতা। ইচ্ছা করলেই ওই জমি দখল করতে পারতাম। কিন্তু তা করিনি। আইন মেনে ইজারা নিয়েছি। অন্যায় করলে জেলা পরিষদ করেছে। তারা কেন আমাকে জমি ইজারা দিল?’
জেলা পরিষদের প্রধান নির্বাহী শওকত ইকবাল বলেন, ‘ডাকবাংলোর জমি ইজারা দেওয়া হয়েছে কি না তা আমার জানা নেই। জরিপকারী (সার্ভেয়ার) অনেকগুলো প্রতিবেদন জমা দিয়েছিলেন। এর ভিত্তিতে কিছু জমি একসনা (এক বছর) ইজারা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন দেখে কোনটি ডাকবাংলোর জমি বোঝা যায়নি। যদি তা হয়ে থাকে তদন্ত সাপেক্ষে ইজারা বাতিল করা যেতে পারে।’ তবে ইজারা নেওয়া জমিতে স্থায়ী স্থাপনা করার নিয়ম নেই বলে স্বীকার করেন শওকত ইকবাল। সেই সঙ্গে নতুন প্রাচীর নির্মাণের কাজ নিয়ম মেনেই ঠিকাদারকে দেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে কাজটি পরে কে করেছেন তা তাঁর জানা নেই। এদিকে জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে কয়েক বছর ধরে কোনো জরিপকারী নেই।