ডাকাত আখ্যা দিয়ে দুজনকে গণপিটুনি, একজন নিহত
মৌলভীবাজারের কমলগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে দুজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছেন। গণপিটুনিতে জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে উপজেলার একটি গ্রামে গণপিটুনির ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আশরাফুল ইসলাম বলেন, নিহত ও আহত দুই ব্যক্তি কখনো কোনো অপরাধে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য নেই।
গ্রামবাসী, নিহত ব্যক্তির পরিবার ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পার্শ্ববর্তী এক গ্রামের সাইফুল ইসলামের। সোমবার রাত সাড়ে আটটার দিকে সাইফুল তাঁর বন্ধু রাজ্জাক আলীকে নিয়ে প্রেমিকার বাড়ি যান। সে সময় মেয়েটির বাবা ও অন্য স্বজনেরা সাইফুল ও রাজ্জাককে মারধর করে ধাওয়া দেন। পরে ডাকাত বলে চিৎকার দিলে গ্রামবাসী তাঁদের ধরে গণধোলাই দিয়ে রাস্তায় ফেলে রাখেন। পরে কমলগঞ্জ থানার সহকারী পরিদর্শক লিটন পালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে রাজ্জাক মারা যান।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে সাইফুলকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজ্জাক সিলেটে দিনমজুরের কাজ করতেন। তিনি ঈদ উপলক্ষে গ্রামের বাড়ি এসে বন্ধু সাইফুলের ডাকে সঙ্গে গিয়েছিলেন।