ডাকাত ও গরুচোর সন্দেহে, গণপিটুনিতে দুজনের মৃত্যু
ঢাকার ধামরাই উপজেলার গোয়ালদি গ্রামে গতকাল বুধবার সকালে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সদর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে আরও একজন নিহত হন।
ধামরাই থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়ালদি গ্রামের নিবারণের বাড়িতে একদল চোর ঢুকে গোয়াল থেকে গরু চুরি করছিল। বাড়ির লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে এক যুবককে আটক করে। অন্যরা পালিয়ে যায়। বিষয়টি জানার পর এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে আটক যুবককে মারধর করে। পরদিন গতকাল বুধবার সকালে তাঁকে আবার মারধর করা হয়। দুপুরের দিকে তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, গ্রামবাসী গতকাল সকাল নয়টার দিকে চোর সন্দেহে আটক যুবককে পুনরায় মারপিট করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখেও উদ্ধার না করেই চলে যায়। পরে লোকজন তাঁকে স্থানীয় সোম্ভাগ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিবারণের ছেলে আবদুল মালেকসহ ওই গ্রামের বাবুল এবং পাশের ডাউটিয়া গ্রামের লোকজন বলেন, সম্প্রতি গোয়ালদিসহ আশপাশের গ্রামে গরুচোরের উপদ্রব বেড়ে গেছে। চোরেরা এক মাসে এলাকার বিভিন্ন কৃষকের গোয়াল থেকে অন্তত ১২টি গরু নিয়ে যায়। এ কারণে গরুচোরের ওপর এলাকাবাসীর অনেক ক্ষোভ ছিল। এ ক্ষোভ থেকেই আটক যুবককে পুলিশে না দিয়ে গণপিটুনি দেওয়া হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলোকে বলেন, পুলিশ বা গ্রামপুলিশকে বাদী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী মেঘলাল এলাকায় কৃষক সফিক উদ্দিনের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আট-নয়জন ডাকাত হানা দেয়। তখন ভাড়াটিয়া জমিলা খাতুন বের হয়ে এলে তাঁকে ডাকাতেরা কুপিয়ে জখম করে। পরে ডাকাতেরা সফিক উদ্দিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। একপর্যায়ে ডাকাতেরা দৌড়ে পালিয়ে যায়। তবে যোগিরচালা সেতুর পাশে পা পিছলে এক ডাকাত পড়ে গেলে এলাকাবাসী তাকে আটক করে। পরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গতকাল বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ডাকাতেরা হানা দিলেও কোনো কিছু লুট করতে পারেনি।