ডাকাত ও মাদক ব্যবসায়ী সন্দেহে ৭ দিনে গ্রেপ্তার ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ডাকাতির চেষ্টার অভিযোগে নয়জনসহ মাদক ব্যবসায়ী সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত ২৫ ফেব্রুয়ারি থেকে এ অভিযান শুরু হয়।

সর্বশেষ গতকাল শনিবার দুপুরে পোষ্টকামুরী সওদাগড়পাড়া থেকে লিটন মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

থানার পুলিশ সূত্রমতে, অভিযানের প্রথম দিনে রশিদ দেওহাটা এলাকা থেকে ইয়াবার ১৫টি বড়িসহ মো. সোহেল মিয়া ও রাসেল মিয়া, আগছাওয়ালি থেকে ইয়াবার ২০টি বড়িসহ জসিম মিয়া ও তাঁর মা জমেলা বেগম, বাইমহাটী বাজারের উত্তর পাশ থেকে ছয় লিটার চোলাই মদসহ রবি রবিদাস, এরশাদ, শান্তি রবিদাস ও সারতি রবিদাস, গায়রাবেতিল গ্রাম থেকে ২০ লিটার চোলাই মদসহ সুদীপ কোচকে গ্রেপ্তার করা হয়।

পরদিন রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোষ্টকামুরী চড়পাড়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে বাওয়ার কুমারজানী গ্রামের মো. আরশেদ আলী, পোষ্টকামুরী গ্রামের মো. শাহিন মিয়া, ছোবহান মিয়া, ইউনিয়ন পাড়া এলাকার লাভলু মিয়া, গোড়াই ইউনিয়নে গন্ধব্যপাড়া গ্রামের আলমগীর হোসেন, সোহেল মিয়া, লিটন মিয়া ও দেলদুয়ার উপজেলা সদরের প্রকাশ শীলকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দা, রশি ও ছুরি উদ্ধার করা হয়। একই দিন ডাকাতি মামলার আসামি আজগানা গ্রামের বুলু মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে।

সোমবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা থেকে সাত লিটার চোলাই মদসহ কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর খোদাইমারি গ্রামের হালিম মিয়া গ্রেপ্তার হন। একই রাতে ২০ পুরিয়া হেরোইনসহ মির্জাপুরের গোড়াইল গ্রামের রাজু মিয়া, গ্রামাটিয়া গ্রামের শাজাহান মিয়া ও ভূসূন্ডি গ্রামের নজরুল গ্রেপ্তার হন।

পরদিন মঙ্গলবার ২০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আয়নাল মিয়া, মির্জাপুরের নগর ছাওয়ালী গ্রামের হানিফ মিয়া গ্রেপ্তার হন। বুধবার চার গ্রাম হেরোইনসহ মানিকগঞ্জের আঙ্গারিয়া গ্রামের বিপ্লব মিয়া ও লিটন মিয়া এবং বৃহস্পতিবার ২০ পুরিয়া হেরোইনসহ মির্জাপুরের গোড়াই রাখেরটেকী গ্রামের মোছা. শাহনাজ বেগম, নাজির পাড়া এলাকার মনির হোসেনের স্ত্রী ফাতেমা বেগম ও মিনারের স্ত্রী নুর জাহান বেগম গ্রেপ্তার হন। এ ছাড়া মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে আরও ২৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মূলত মির্জাপুরকে মাদকমুক্ত করতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এ অভিযান অব্যাহত থাকবে।