ডাকাত দলকে প্রতিরোধ করতে গিয়ে নিহত ১
পটুয়াখালী সদর উপজেলায় গত রোববার রাতে ডাকাত দলকে প্রতিরোধ করতে গিয়ে গুলিতে শাহজাহান হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সামসুল হক (৫০) ও শাহ আলম হাওলাদার (৫২) নামের দুজন। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজন প্রথম আলোকে বলেন, রাত দেড়টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম আউলিয়াপুর গ্রামের একটি দোতলা বাড়িতে ১২-১৪ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতেরা নিচতলার কলাপসিবল ফটকের তালা ও দুটি দরজা ভেঙে ভেতরে ঢুকে। তখন দোতলার বাসিন্দা আবদুল মন্নান হাওলাদার কয়েকজন প্রতিবেশীকে ফোন করে ডাকাতের উপস্থিতির খবর দেন। প্রতিবেশীরা চিৎকার করে ওই বাড়ির দিকে এগোতে থাকেন। এতে ডাকাতেরা বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাদের ধরতে উদ্যত হন প্রতিবেশী ও আবদুল মন্নানের চাচাতো ভাই শাহজাহান। ডাকাতেরা তাঁকে লক্ষ৵ করে গুলি করে। এতে ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান। এরপর ফাঁকা গুলি ছুড়ে ডাকাতেরা আবারও পালাতে থাকে। তাদের আবারও গতিরোধের চেষ্টা করেন প্রতিবেশী সামসুল ও শাহ আলম। ডাকাতেরা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে তাঁদের আহত করেন। গোলাগুলি ও চিৎকার-চেঁচামেচি শুনে টহলরত পুলিশ ওই এলাকায় ছুটে যায়। কিন্তু তার আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
ওই বাড়ির বাসিন্দা আবদুল মন্নান প্রথম আলোকে বলেন, তাঁর বড় ছেলে মিজানুর রহমান যুক্তরাষ্ট্রপ্রবাসী। বাড়িটি সদ্যনির্মিত। ডাকাতেরা বাড়িতে ঢুকলেও প্রতিবেশীদের প্রতিরোধের কারণে কোনো কিছু নিয়ে যেতে পারেনি। তবে গুলিতে তাঁর চাচাতো ভাইয়ের মৃত্যু কষ্টদায়ক।
এই বাড়ির ২০০ গজ পশ্চিমে এক বাসায় পরিবার নিয়ে থাকতেন নিহত শাহজাহান। এলাকায় অন্যের জমিতে চাষাবাদ করতেন তিনি। তার উপার্জনেই চলত পরিবার। মাত্র চার মাস আগে তাঁর স্ত্রী ক্যানসারে মারা যান। তিন মেয়ে ও এক ছেলের জনক তিনি। তাঁর মৃত্যুতে হতদরিদ্র পরিবারটি এখন চোখে অন্ধকার দেখছে। গতকাল বেলা ১১টার দিকে শাহজাহানের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে চলছে শোকের মাতম। তাঁর বড় মেয়ে খাদিজা বেগম কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘ডাক-চিক্কুর শুইনা বাবা ডাকাত ধরতে দৌড়াইয়া গেছিল। কিন্তু আর ফিরে নাই। এখন আমাদের কে দেখব?’ ’
পটুয়াখালীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার প্রক্রিয়া চলছে।