ডাকাত ধরতে গিয়ে হামলায় আহত ৮ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় পুলিশের আটজন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন রশিদ মিয়া নামের এক আসামি। উপজেলার শিবজয়নগর এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত তিনটায় এ ঘটনা ঘটে। পুলিশের চার সহকারী উপরিদর্শকসহ (এএসআই) পুলিশের আহত সদস্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম প্রথম আলোকে জানান, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানার আসামি তৌহিদকে (২৯) গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মাধবপুর থানার উপরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গ্রেপ্তার করতে যায়। আসামি তৌহিদকে আটক করে নিয়ে আসার সময় ১৫ থেকে ১৬ জনের একদল দুর্বৃত্ত পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তৌহিদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ নিজেদের রক্ষার্থে দুটি গুলি ছোড়ে। এতে রশিদ মিয়া গুরুতর আহত হন। তিনি গলায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতেই পুলিশ পাহারায় রশিদকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
অপরদিকে এ ঘটনায় মাধবপুর থানার আহত সহকারী উপরিদর্শক (এএসআই ) মাহবুব, একই পদবির কর্মকর্তা রায়হান, নাজমুল, সুখলাল ও পুলিশ সদস্য নিপেশ চন্দ্র ধর, জামাল উদ্দিন, আরিফ ও ডালিমকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশের গুলিতে আহত রশিদ মিয়ার চাচাতো ভাই ফুল মিয়া দাবি করেন, তাঁর ভাইয়ের অবস্থাটা সংকটাপন্ন। তাকে পুলিশ হেফাজতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে পুলিশ-আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই ভয়ে বাড়িঘর ছেড়ে পালানোর কারণে মানবশূন্য হয়ে পড়েছে শিবজয়নগর গ্রাম।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন পিপিএম প্রথম আলোকে জানান, এ ঘটনায় পুলিশ উপজেলার সাতপাড়িয়া গ্রামের তৌহিদ (২৯), মাহফুজ মিয়া (৫০), তাহের মিয়া (৩০), আলমগীর (২৬), বাবুল মিয়া (৩০) ও গুলিবিদ্ধ রশিদকে (৩২) গ্রেপ্তার করে। পুলিশের ওপর হামলা ও কর্তব্যকাজে বাধা এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয় তাঁদের ওপর। মাধবপুর থানার উপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম আজ বুধবার বাদী হয়ে তৌহিদকে প্রধান আসামি করে ওই ধারায় ছয়জনের নামে একটি মামলা করেন। এ মামলায় অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করা হয়।
প্রসঙ্গত গত ২৩ জানুয়ারি মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে মধ্যরাতে পুলিশকে মারধর করে দ্রুতবিচার মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়ে নেন তাঁর আত্মীয়স্বজন। এ ঘটনায় পুলিশের ছয়জন সদস্য আহত হন। এর আট দিন পর আবার একই ধরনের ঘটনা ঘটল।