ডাকাত-পুলিশ গুলিবিনিময়, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে ডাকাতের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের চার কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটার গান, পাঁচটি গুলি জব্দ এবং গুলিবিদ্ধ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ডাকাতেরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার শিমুলিয়া সাতবাড়িয়া গ্রামের আবদুল মমিন (৩৬), তাড়াশের ঘরগ্রামের মণ্ডল (২৬), একই এলাকার জিয়া সর্দার (২৮), আবুল কালাম (৩২) ও আনোয়ার হোসেন (৩৮)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে তাড়াশের মান্নাননগর-রানীরহাট আঞ্চলিক সড়কের ঘরগ্রাম বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সংঘবদ্ধ একদল ডাকাত। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান, উপপরিদর্শক (এসআই) মির্জা মোজাহারুল ইসলাম, এসআই সোহেল রানা, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজ উদ্দীন ও পুলিশ কনস্টেবল আবদুল হান্নান আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি শাটার গান, শাটার গানের পাঁচটি গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ও গুলিবিদ্ধ ওই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। পরে আহত পুলিশ কর্মকর্তাদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া গুলিবিদ্ধ ওই পাঁচ ডাকাত ও কনস্টেবল আবদুল হান্নানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আতাউর রহমান জানান, এ ঘটনায় এসআই মির্জা মোজাহারুল ইসলাম গতকাল রাতে ওই পাঁচ ডাকাতসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন।