ডাকাত-পুলিশ 'বন্দুকযুদ্ধে' একজন গুলিবিদ্ধ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি-গোপীনাথপুর সড়কের মহিষমণ্ডা মোড়ে পুলিশ ও ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনায় এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে।
ক্ষেতলাল থানা-পুলিশের ভাষ্য, ওই রাতে উপজেলার মহিষমণ্ডা সড়কের মোড়ে ছয়-সাতজনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে ক্ষেতলাল থানা-পুলিশের একটি দল সেখানে পৌঁছে। ঘটনা বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতেরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তারা পালিয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী ধানখেত থেকে গুলিবিদ্ধ অবস্থায় ক্ষেতলালের পৌলুঞ্জ গ্রামের মোহসিন আলী (৩০) নামের এক যুবককে পুলিশ আটক করে। পুলিশ তার কাছ থেকে একটি বড় ধারালো হাঁসুয়া উদ্ধার করে। রাত আড়াইটায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে পুলিশ।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান জানান, মোহসিন আলী ডান ঊরুতে গুরুতর জখম নিয়ে ভর্তি হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম দাবি করেন, মোহসিনের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় একটি হত্যা, ডাকাতি ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগ এনে ডাকাতদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও তিনি জানান। আহত মোহসিনের পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।