ডাকাত প্রবণ এলাকা আড়াইহাজার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মেঘনা তীরবর্তী একটি অঞ্চল। নদী তীরবর্তী হওয়ায় সেখানে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানসহ সুতা ও তাঁত শিল্প। আছে ছোটখাটো অনেক দোকানও। শিল্প প্রবণ এলাকা হওয়ায় এলাকাবাসীর রয়েছে আর্থিক সচ্ছলতা।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা যায়, আর্থিক এ সচ্ছলতার কারণে এলাকায় প্রায় প্রতিরাতেই বিভিন্ন ধরনের ডাকাতি বা চুরির ঘটনা ঘটে। আর সে জন্য এলাকাটি ডাকাত প্রবণ এলাকা হিসেবেও পরিচিত। শুষ্ক মৌসুম এলেই তৎপর হয়ে ওঠে ডাকাতেরা। অক্টোবর থেকে এপ্রিল- এই ছয় মাসে অনেকগুণে বেড়ে যায় ডাকাতি ও চুরির ঘটনা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এই এলাকারই কিছু লোক ডাকাতদলের সঙ্গে জড়িত। নেপথ্যে থাকেন তাঁরা। অনেকেই বাইরে থেকে লোক ভাড়া করে এনে ডাকাতির ঘটনা ঘটিয়ে থাকেন। আবার এলাকার ডাকাতেরা আশপাশের জেলায় গিয়ে ডাকাতি করেন। বিভিন্ন সময়ে ডাকাতির ঘটনা ঘটলেও জড়িতরা ধরা পড়েন না। এতে ডাকাত আতঙ্কে থাকতে হয় এলাকাবাসীকে।
চলতি বছরের ১৬ নভেম্বর পুরিন্দাবাজারের অদূরে বাঘবাড়ি বাজারে মেসার্স হানিফ অ্যান্ড ব্রাদার্স নামে একটি চালের গুদামের প্রায় ২০০ বস্তা চাল লুটে ট্রাকে করে নিয়ে যায় সশস্ত্র ডাকাতেরা। তাঁরা ওই বাজারের দুই নৈশ প্রহরীকে হাত-পা বেঁধে ওই লুটপাট চালায়। ওই ঘটনায় গুদামের মালিক মো. শামসুদ্দীন আড়াইহাজার থানায় মামলা করতে গেলে পুলিশ সেটিকে চুরির মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে।
এর আগে এ বছরের ২৬ জানুয়ারি নরসিংদীর সদর উপজেলায় ভাটপাড়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় সাতজন গণপিটুনিতে মারা যান। তাঁদের মধ্যে পাঁচজনই আড়াই হাজারের বাসিন্দা। বাকি দুজন ছিল নরসিংদীর। এর মধ্যে ছোট-বড় অনেক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে।
শামসুদ্দীনের দোকানে ডাকাতির ওই ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা আড়াইহাজার থানার উপপরিদর্শক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, যাঁরা বাঘবাড়ির ঘটনা ঘটিয়েছিল তাঁরাই বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে জড়িত। এদিন মালামাল লুট করার সময় ধরা পড়ে গণপিটুনিতে মারা যান। তবে শামসুদ্দীনের ওই ডাকাতির মামলাটি কেন চুরির মামলা হিসেবে নেওয়া হয়েছিল সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার খ. মহিদউদ্দিন বলেন, গত ৭-৮ বছরে আড়াইহাজারে ডাকাতির ঘটনা অনেক কমে গেছে। দেড় বছরে আড়াই হাজার এলাকা থেকে শতাধিক ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁরা এখন জেলে আছেন। পুলিশি অভিযানের ফলে ডাকাতদলের সঙ্গে জড়িত অনেকে দেশের বাইরে পালিয়ে গেছে।
আরও পড়ুন: