ডাকাত ভেবে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা?
ঢাকার তিতুমীর সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইমন হোসেন ভূঁইয়ার (২৫) লাশ গতকাল বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ডাকাত ভেবে মুরাদনগরের রাজনগর গ্রামে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়।
ইমন কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের প্রভাষক জামির হোসেন ভূঁইয়ার ছেলে। তাঁদের বাড়ি মুরাদনগর উপজেলার বাহেরচর গ্রামে।
ইমনের পরিবারের লোকজন জানান, গত বুধবার রাত নয়টার দিকে ঢাকা থেকে ইমন ও তাঁর চাচাতো ভাই শাহীন হোসেন ভূঁইয়া বাসে করে বাড়ির উদ্দেশে মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালে আসেন। রাত বেশি হয়ে যাওয়ার কারণে শাহীনের নানার বাড়ি মুরাদনগরের বাহাদুরপুর গ্রামে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তাঁরা। রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার রাজনগর গ্রামে পৌঁছালে স্থানীয় গ্রামবাসী তাঁদের ডাকাত ভেবে ধাওয়া করে। একপর্যায়ে শাহীনকে ধরে মারধর করে একটি বাড়িতে আটকে রাখা হয়। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর গ্রামের আত্মীয়স্বজন এসে শাহীনকে উদ্ধার করে। কিন্তু ইমনকে পাওয়া যাচ্ছিল না। গতকাল বেলা আড়াইটার দিকে রাজনগর গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী মুরাদনগর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে ইমনকে শনাক্ত করে। এরপর লাশ মুরাদনগর থানায় নেওয়া হয়।
মুরাদনগর থানা সূত্র জানায়, ইমনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আজ শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থল থেকে ইমনের জুতা, মুঠোফোন ও কিছু সিডি ক্যাসেট উদ্ধার করেছে। ইমন তাঁর বাবা-মায়ের একমাত্র ছেলে।